রসূল (স.) এর মিরাজ ছিল বিশ্বের বিস্ময়
মো. মাসুম বিল্লাহ বিন রেজা
প্রকাশ : ২৩ মে ২০১৩, ১৮:০৪
আসরা শব্দটি আরবী। এর উত্পত্তি ইসরা থেকে। অভিধানে অর্থ হল, রাতে নিয়ে যাওয়া, রাতে ভ্রমণ করা, রাতে চলা ইত্যাদি। ‘সারিয়াহ’ রাতের বৃষ্টি। এরপর ‘লাইলান’ নাকেরাহ যোগ করে স্পষ্ট বুঝানো হয়েছে। সম্পূর্ণ রাতে নয়, বরং রাতের কিছু অংশে। ইংরেজীতে বলা হয়, Rotation, Travel, Journey at night ইত্যাদি। আসরা এর ব্যবহার পবিত্র কুরআনের সূরা বানী-ইসরাঈলসহ আরও বহু জায়গায় পাওয়া যায়। ‘মেহমান ফেরেশতাগণ বললো, হে লূত (আ)! আমরা তোমার প্রভুর পক্ষ হতে প্রেরিত ফেরেশতা। এরা কখনো তোমার দিকে পৌঁছাতে পারবে না। অতএব তুমি কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকজন নিয়ে বাইরে চলে যাও’ (সূরা হূদ, ৮১)। ‘আমি মূসার প্রতি এই মর্মে ওহী করলাম যে, আমার বান্দাদের নিয়ে রাতের মধ্যেই চলে যাও’ (সূরা ত্বহা, ৭৭)। ‘আমি মূসাকে আদেশ করলাম যে, আমার বান্দাদের নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে’ (সূরা শুআরা, ৫২)। ‘তাহলে তুমি আমার বান্দাদের নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়ো। নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে’ (সূরা দুখান, ২৩)। ‘অতএব আপনি শেষরাতে পরিবারের সকলকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পিছে পিছে চলবেন’ (সূরা হিজর, ৬৫)। পরিভাষায়, মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত সফরকে (ভ্রমণকে) ইসরা বলা হয়। মি‘রাজ শব্দটিও আরবী। এটি করণ কারক। যার দ্বারা আরোহণ করা হয়। এটা উরজুন হতে এসেছে। অভিধানে অর্থ হল, সিঁড়ি, সোপান, ধাপ, ঊর্ধ্বগমন ইত্যাদি। কামুসুল ফিক্হ প্রণেতাও এ অর্থ করেছেন। ইংরেজীতে বলা হয়, Ascension, Flight of steps, Lader, Rung ইত্যাদি। মি‘রাজ শব্দটি ‘ইসমে আলার’ সীগাহ। অর্থ, ওপরের দিকে উঠার যন্ত্র (মাধ্যম)। সিঁড়ি যেহেতু ওপরের দিকে উঠার মাধ্যম তাই সিঁড়িকে মি‘রাজ বলে। শরঈ অর্থে বায়তুল মুকাদ্দাস থেকে যে অলৌকিক সিঁড়ির মাধ্যমে রাসূল (স.) কে সাত আকাশের ওপরে আরশের নিকটে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাওয়া হয় সে সিঁড়িকে মি‘রাজ বলা হয়। পরিভাষায়, মসজিদে আকসা থেকে সাত আকাশ, সিদরাতুল মুনতাহা ইত্যাদি ভ্রমণকে মি‘রাজ বলা হয়। মহান আল্লাহর নির্দেশে মহানবী (স.) মানব জ্ঞানের সীমা পেরিয়ে ঊর্ধ্বজগতে আরোহণ করে, আল্লাহর একান্ত সান্নিধ্য লাভ ও বাক্যালাপ করেন, তাই মি‘রাজ। এক রাতের কিছু অংশে রাসূল (স.) মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস হয়ে সাত আকাশ পর্যন্ত ভ্রমণ করেন- এটিই মি‘রাজ। মক্কা থেকে জেরুযালেম পর্যন্ত দ্রুতগামী উটে যাবার সময় ছিলো ১ মাস এবং ফেরার সময়ও ছিলো ১ মাস। হিজরতের পূর্বে একটি বিশেষ রাতের শেষ প্রহরে বায়তুল্লাহ হতে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত বুরাকে ভ্রমণ, সেখান থেকে অলৌকিক সিঁড়ির মাধ্যমে সাত আকাশ পেরিয়ে আল্লাহর সান্নিধ্যে গমন ও পুনরায় বায়তুল মুকাদ্দাস হয়ে বুরাকে আরোহণ করে প্রভাতের পূর্বেই মক্কায় নিজ গৃহে প্রত্যাবর্তনের ঘটনাকে মি‘রাজ বলে। উল্লেখ্য, সূরা বানী-ইসরাঈলের প্রথম আয়াত দ্বারা ইসরার এবং সূরা নাজমের (১৩-১৮) আয়াত দ্বারা মি‘রাজের প্রমাণ পাওয়া যায়। আকায়িদে নাসাফীতে আছে, মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত রাসূলের (স.) ভ্রমণের নাম ইসরা যা আল্লাহর কিতাব দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। আর যমীন থেকে আকাশের দিকে ভ্রমণের নাম মি‘রাজ যা মাশহুর হাদীস দ্বারা প্রমাণিত। মহানবীর (স.) মি‘রাজ কেন হয়েছিল? মি‘রাজের নিগূঢ় রহস্য কি? এসব প্রশ্নের জবাব একমাত্র মহান আল্লাহই ভাল জানেন। এরপরেও পবিত্র কুরআন, সহীহ হাদীস, ইতিহাস এবং সমসাময়িক অবস্থা পর্যবেক্ষণ করলে কতগুলো কারণ বের হয়ে আসে। যেমন ঃ মহানবীর (স.) জন্মের পূর্বেই পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। জন্মের ৬ বছর পরে মাতা আমিনা ইন্তেকাল করেন। পিতা-মাতার ইন্তেকালের পর তিনি দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত-পালিত হন। মহানবীর (স.) বয়স যখন ৮ বছর ২ মাস ১০ দিন হলো, তখন দাদাও মৃত্যুবরণ করলেন। এরপরে তিনি চাচা তালেবের কাছে লালিত-পালিত হন। মহানবী (স.) যুবক হলে খাদিজার (রা.) সাথে তাঁর বিয়ে হয়। ৪০ বছর বয়সে মহানবী (স.) নবুওয়াত প্রাপ্ত হলেন। ১০ বছর গোপন ও প্রকাশ্যে ওহীর দা‘ওয়াত প্রদান করলেন। নবুওয়াতের ১১তম বছরে কাফিরেরা মহানবী (স.) ও তাঁর সাহাবীদের ওপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি করলো। এ কঠিন সময়ে মহানবীর (স.) ঢাল ছিলেন চাচা আবু তালিব। তিনি স্বীয় ক্ষমতার প্রভাবে কাফিরদের অত্যাচার হতে মহানবীকে (স.) রক্ষা করতেন। ঘরের ভেতরে খাদিজা (রা.) মহানবীর (স.) দুঃখ দূর করার জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করতেন। মহান আল্লাহর কি ইচ্ছা! এ বছরে অল্প কিছুদিনের ব্যবধানে আবু তালিব ও খাদিজা (রা.) ইন্তেকাল করেন। এঁদের মৃত্যুতে রাসূল (স.) শোকে মুহ্যমান হয়ে পড়েন। হূদয়ের সুপ্ত বেদনাগুলো দূর করার জন্য তখন আল্লাহ মহানবীকে (স.) তাঁর একান্ত সান্নিধ্যে নিয়ে আসেন। আল্লামা মুবারকপুরী (রা.) বলেন, ‘একদিকে নবীর (স.) দা‘ওয়াতী কাজের সফলতা আর অন্যদিকে নির্মম অত্যাচার ও নির্যাতনের চরম পর্যায় অতিক্রম হচ্ছিল। এ দু’য়ের মাঝামাঝি অবস্থায় দূরদিগন্তে মিটমিট করে জ্বলছিল তারকার মৃদু আলো, এমনি সময়ে মি‘রাজের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল।’ সূরা ইসরার শুরুতে মাত্র একটি আয়াতে আল্লাহ পাক ইসরা ও মি‘রাজের এ ঘটনা এবং তার উদ্দেশ্য অতীব সংক্ষেপে বর্ণনা করেছেন। ইহুদীদের অপকীর্তিসমূহের ভবিষ্যত্ পরিণাম (ফল) বর্ণনা করেছেন। এখানে মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস ভ্রমণ করানোর তাত্পর্য হতে পারে এই যে, অত্বিসত্বর পৃথিবীতে ইহুদীদের কর্তৃত্ব ধ্বংস হয়ে যাবে এবং বায়তুল মুকাদ্দাসে ও পৃথিবীতে সর্বত্র মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। ১৫ হিজরীতে এটা বাস্তবায়িত হয় ওমর ফারুকের (রা.) হাতে বায়তুল মুকাদ্দাস বিজয়ের মাধ্যমে রাসূলের (স.) মৃত্যুর চার বছরের মাথায়।