বিয়ে করছেন সালমান খান!
প্রকাশ : ২৩ মে ২০১৩, ১৮:০৬
বিয়ে করবেন না, প্রায় এ ধরনের এক অঘোষিত শপথ গ্রহণ করেছিলেন সালমান খান—এমনটাই ধারণা করছেন বলিউডের অনেকেই। ৪৭টি বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু ব্যাচেলরই রয়ে গেছেন। তার বন্ধুরা অনেকে দু বাচ্চারও বাবা হয়ে গেছেন। তবে এবার বোধহয় সালমান খান নিজের এই ব্যাচেলর জীবন ভাঙতে যাচ্ছেন। রোমানিয়ান টিভি সঞ্চালক ও অভিনেত্রী ইলুলিয়া ভেঞ্চারকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড টাইগার সালমান খান। গতকাল এই খবরটি পুরো বলিউডে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠে। এ মাসের শুরুর দিক থেকেই সালমান-ইলুলিয়ার প্রেমের সম্পর্কের কথা চাউর হতে শুরু হয়েছে। জানা যায়, বিদেশ সফরে গিয়ে ইলুলিয়ার সঙ্গে দেখা হয় সালমান খানের। তারপর থেকে বৃদ্ধি পেতে থাকে তাদের যোগাযোগ ও বন্ধুত্বের সম্পর্ক। আর বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে রূপ নেয় প্রায় বছর খানেকের কাছাকাছি। তবে সালমান বিষয়টিকে গোপন রাখার যথেষ্ট চেষ্টা করলেও বিষয়টি অনেকটাই প্রকাশ হয়ে যায়। তারপর থেকে লুকোচুরি বাদ দিয়ে প্রকাশ্যেই প্রেম করছেন দু’জন। গতকাল সালমান তার নতুন ছবির কাজে গোয়ায় ছিলেন। সেখানে সালমানকে সঙ্গ দিতে উপস্থিত ছিলেন সালমানের বর্তমান প্রেমিকা ইলুলিয়া। তারা শুটিংয়ের বাইরে বাকি সময়টুকু একসঙ্গেই কাটাচ্ছেন। সালমানের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, ‘ইলুলিয়া ভেঞ্চারকে নিয়ে সালমান ভাই খুবই সিরিয়াস। শুধু সালমান খানই নয়, দু’জনই নিজেদের ভবিষ্যত্ পরিকল্পনাও প্রায় গুছিয়ে ফেলেছেন। সালমানের পরিবারও ইলুলিয়ার বিষয়টি জানেন এবং তারা সবাই সহজভাবেই নিয়েছেন, পরিবারও চাইছেন যেন শুভ কাজটি দ্রুত সম্পন্ন হয়।’ তবে এই বিষয়ে সালমানকে প্রশ্ন করলে এড়িয়ে যান। খুব শীঘ্রই সালমান খান এই সম্পর্ক নিজেই জানাবেন বলে ধারণা করা হচ্ছে।