আসাদকে শান্তির জন্য অঙ্গীকার করার আহবান জন কেরির

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন এবং অভিযোগ করেছেন ইরান ও হিজবুল্লাহ সক্রিয়ভাবে সিরিয়া সংঘাতে জড়িয়ে পড়েছে। এদিকে একইরকম অভিযোগ করে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান ও হিজবুল্লাহ আসাদ সরকারের প্রতি তাদের সহযোগিতা বাড়িয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে তার দেশে ‘শান্তি খোঁজার জন্য একটি অঙ্গীকার’ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জর্দানের রাজধানী আম্মানে ফ্রেন্ডস অফ সিরিয়া নামে একটি গ্রুপের বৈঠকের আগে গত বুধবার তিনি এ আহ্বান জানান। ঐ বৈঠকে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, জর্দান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদেরও অংশগ্রহণ করার কথা রয়েছে। জর্দানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহের সঙ্গে এক সংবাদ সম্মেলনে কেরি বলেন, ‘আগামী মাসে জেনেভায় অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবিত শান্তি সম্মেলনের উদ্দেশ্য হলো, রক্তপাত বন্ধ করা যা লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে।’ তিনি আরো বলেন, ইরানের সক্রিয় সমর্থনে কয়েক হাজার হিজবুল্লাহ যোদ্ধা সিরিয়া সংঘাতে জড়িয়ে পড়েছে। এদিকে কেরির মত একইরকম অভিযোগ করেছেন বিট্রিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। গত বুধবার আম্মানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসাদ সরকারের প্রতি ইরান ও লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ ক্রমাগত সমর্থন বাড়াচ্ছে । এটা পরিষ্কার, সিরীয় সরকার দেশের বাইরে থেকে ব্যাপক সমর্থন পাচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরান ও হিজবুল্লাহ আসাদ সরকারের প্রতি তাদের সহযোগিতা বাড়িয়েছে। আসাদ সরকার এখন বাইরের সহযোগিতার ওপর পুরোপুরি নির্ভরশীল।’ হেগ আরো বলেন, ‘খুব শিগগিরই সিরিয়ার যুদ্ধ বন্ধে বিশ্বশক্তিকে একটি আন্তর্জাতিক সম্মেলন করার আহ্বান জানাবে ব্রিটেন।’