ম্যানবুকার জিতলেন যুক্তরাষ্ট্রের দাভিস
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২০:৪৫
যুক্তরাষ্ট্রের ছোটগল্প লেখক লাইদিয়া দাভিস বিশ্ব সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যানবুকার পুরস্কার জয় করেছেন। তিনি ইউনিভার্সিটি অব আলবানির ক্রিয়েটিভ রাইটিংস এর অধ্যাপক। ১৯৪৭ সালের ১৫ জুলাই তিনি নর্থহ্যাম্পটনে জন্মগ্রহণ করেন। খ্যাতিমান ফরাসি ঔপন্যাসিক, সমালোচক, প্রাবন্ধিক মার্শেল প্রস্তের লিখনশৈলী দ্বারা অনুপ্রাণিত দাভিস বুধবার লন্ডনে ৬০ হাজার পাউন্ড মূল্যমানের বুকার পুরস্কার গ্রহণের পর বলেন, আসলে আমি যখন প্রস্তুর লেখা অনুবাদ করি, তখন আমি ভাবছিলাম, একটি ছোটগল্প কত ছোট হতে পারে। আমি ভাবছিলাম, তুমি কত অল্পকথায় কার্যকর ভাবে বলতে পারো। দাভিসের বড় গল্পগুলো দুই-তিন থেকে শুরু করে নয় পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। দাভিস এ পর্যন্ত তার লেখক জীবনে একটিমাত্র উপন্যাস লিখেছেন। বুকারের আন্তর্জাতিক বিচারক প্যানেলের চেয়ারম্যান ক্রিস্টোফার রিকস বলেন, ৬৫ বছর বয়সী দাভিসের গল্পগুলো সাহিত্যের অনেক কাঠামো ও গঠন শৈলীকে ভেঙ্গে দিয়েছে। আর এ জন্য তার সাহিত্যকর্মকে একটি সীমিত একক অভিধায় নিয়ে আসা কঠিন।