ড্রোন দিয়ে নিজ নাগরিক হত্যার স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২০:৪৭
২০০৯ সাল থেকে সিআইএ পরিচালিত চালক বিহীন বিমান(ড্রোন)হামলায় ইয়েমেন এবং পাকিস্তানে ৪ মার্কিন নাগরিককে হত্যার কথা এই প্রথম স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেস নেতাদের কাছে লেখা এক চিঠিতে দেশটির এটর্নি জেনারেল এরিক হোল্ডার এ কথা স্বীকার করেন। এতে বলা হয়েছে, মার্কিন নাগরিক আনোয়ার আল-আওলাকিকে ইয়েমেনে পূর্ব পরিকল্পিত ড্রোন হামলায় হত্যা করা হয়। মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, আওলাকি ছিলেন আরব উপদ্বীপের আল-কায়েদা শাখার (একিউএপি) অভিযান পরিচালনাকারী ঊর্ধ্বতন নেতা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাকে হুমকি মনে করা হত বলেই জানিয়েছেন এরিক। খবর বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের।
২০১১ সালের সেপ্টেম্বরে ইয়েমেনে এক ড্রোন হামলায় নিহত হন আওলাকি। তার জন্ম যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয়। যুক্তরাষ্ট্র তার মৃত্যুর খবর ঘোষণা করলেও তাকে যে ড্রোন হামলায় মারা হয়েছিল তা এতদিন জানায়নি। এরিকের চিঠিতে পাকিস্তান এবং ইয়েমেনে আরো তিন মার্কিন নাগরিককে হত্যার কথা স্বীকার করা হয়েছে। এতে বলা হয়, আল-আওলাকির ওপর হামলার সময় সামির খান এবং আল-আওলাকির ছেলে আবদুর রহমান নিহত হন। সামির খানও একজন মার্কিন নাগরিক।