নির্বাচন অফিসের কড়াকড়িতে প্রার্থীদের ভোগান্তি, ভোটাররা খুশি
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২১:৩৪
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ের অতিরিক্ত কড়াকড়িতে প্রার্থীরা ভোগান্তিতে পড়ছেন। আচরণ বিধি পর্যবেক্ষণে হুটহাট অভিযান এবং নির্বাচনকালীন পরিবেশ নিয়ে নিত্য নতুন নিয়ম তৈরি এবং প্রয়োগে অতিষ্ঠ কাউন্সিলর প্রার্থীরা। অতিরিক্ত খবরদারির কারণে প্রচার-প্রচারণা এমনকি পোস্টারও ছাপাতে পারছেন না তারা। এনিয়ে ক্ষুব্ধ প্রেস মালিকরাও। তবে নির্বাচনের তারিখ ঘোষণার পরেও যত্রতত্র পোস্টার, ফেস্টুন, দেয়াল-লিখন, মিছিল ও মাইকিং না থাকায় খুশি খুলনার সাধারণ ভোটাররা।
গত ৩ মে নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরুর পর থেকেই সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ দেয় রিটার্নিং অফিসারের কার্যালয়। এগুলো সরানো হচ্ছে কিনা দেখতে একাধিক অভিযানও পরিচালিত হয়েছে। অভিযানে অনেক প্রার্থীকে ডেকে এনে ভর্ত্সনাও করা হয়।
নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচনের ২১ দিন আগ পর্যন্ত প্রচার-প্রচারণা এবং ভোট না চাইতে বিজ্ঞপ্তি প্রকাশ করে রিটার্নিং অফিসারের কার্যালয়। আচরণ বিধি পর্যবেক্ষণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই দিন অভিযান চলে। এরপর দলীয় কর্মী সভায় নির্বাচনী বক্তব্য দিচ্ছেন এমন অভিযোগে প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থীদের মৌখিকভাবে সতর্ক করেন রিটার্নিং অফিসার। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন দল দুটির নেতা-কর্মীরা।
সূত্র জানায়, প্রচারণা শুরুর পর কোন প্রার্থী, কোথায় মাইক ব্যবহার করবেন এবং কখন করবেন তা আগে থেকে জানানোর জন্য গত বুধবার নতুন নির্দেশ জারি করেছে নির্বাচন অফিস। নির্বাচনী ক্যাম্পের স্থানও আগে থেকে জানানোর নির্দেশ দেয়া হয়। মাইকিং ও পথসভার আগে রিটার্নিং অফিসারের কার্যালয়কে অবগত করারও নির্দেশনা দেয়া হয়েছে।
কেসিসির একাধিক কাউন্সিলর প্রার্থী অভিযোগ করেন, আইন-কানুনের নামে খবরদারিতে নির্বাচনী কাজ ব্যাহত হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে রিটার্নিং অফিসার মোস্তফা ফারুক বলেন, নির্বাচনী আচরণ বিধি ও আইনের বাইরে কোন কাজ করেননি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনের প্রয়োগ করা হচ্ছে। এজন্য প্রার্থীদেরও সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে এখন পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি কঠোরভাবে প্রয়োগ করায় সাধারণ ভোটাররা খুশি। ভোটাররা জানান, নির্বাচনের তারিখ ঘোষণার পরে প্রথমেই বাড়ির দেয়ালটি নষ্ট হয়। অহেতুক মিছিল-মাইকিংয়েও শিশুদের পড়াশুনার ব্যাঘাত ঘটে। এছাড়া নির্বাচন কেন্দ্রিক সহিংসতা না থাকায় সাধারণ মানুষ এ পরিবেশে আনন্দিত।