৯০ দিনের মধ্যে ডিমিউচুয়ালাইজেশন
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২১:৪৭
ডিমিউচুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ) স্কিম বাস্তবায়নের লক্ষ্যে জার্মান ভিত্তিক নিরীক্ষা প্রতিষ্ঠান কেপিএমজিকে সম্পদ পুনর্মূল্যায়নের দায়িত্ব দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এছাড়া পুরো স্কিম বাস্তবায়নের জন্য ওই প্রতিষ্ঠানের সিনিয়র কনসালটেন্ট খালেদ রাহিমকে নিয়োগ দেয়া হয়েছে। গত বুধবার বিকেলে ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়ন কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএসইর সভাপতি মো. রকিবুর রহমান।
রকিবুর রহমান বলেন, গত সোমবার ডিএসই’র ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন করতে ‘ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়। আজ (বুধবার) এ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে ৯০ দিনের মধ্যে ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জার্মান ভিত্তিক নিরীক্ষা প্রতিষ্ঠান কেপিএমজিকে সম্পদ পুনর্মূল্যায়নের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আরো বলেন, ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়ার পুরো স্কিম বাস্তবায়নের জন্য কেপিএমজির সিনিয়র পরামর্শক খালেদ রাহিমকে নিয়োগ দেয়া হয়েছে। এ সিদ্ধান্ত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।
এর আগে গত ২০ মে ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় সকলের সম্মতিক্রমে ‘ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএসইর সভাপতি রকিবুর রহমান। কমিটির অন্যান্য সদস্য হলেন- ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী, সহসভাপতি মো. শাহজাহান, পরিচালক আহাসানুল ইসলাম টিটো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ হাসেম, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান এবং আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসারিন বেগম।