কারনেট সুবিধা বন্ধের চিন্তা সরকারের

জাতিসংঘের কারনেট সুবিধা বিষয়ক কোন কনভেনশনেই স্বাক্ষরকারী দেশ নয় বাংলাদেশ। ফলে নিয়মানুযায়ী শুল্কমুক্ত সুবিধায় কারনেট গাড়ি আনার অনুমতি দিতে বাধ্যও নয়। অথচ বছরের পর বছর ধরে কারনেটের আওতায় আসা শুল্কমুক্ত গাড়ি দেদারছে হাইওয়ে দাপিয়ে বেড়িয়েছে। আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশ যে এ সুবিধা দিতে বাধ্য নয়, তাই জানা ছিল না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সমপ্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক অনুসন্ধানে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এ অবস্থায় কারনেট সুবিধা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ। এজন্য আরো পরীক্ষা-নিরীক্ষা ও অর্থমন্ত্রীর নির্দেশের অপেক্ষা করছে সংস্থাটি। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। কারনেট হচ্ছে এক দেশের গাড়ি শুল্কমুক্তভাবে অন্য দেশে নিয়ে ব্যবহারের একটি বিশেষ সুবিধা। বিদেশি বিশেষ ব্যক্তিরা এ সুবিধায় গাড়ি এনে স্বল্প সময় ব্যবহার করে নিজ দেশে যাওয়ার সময় তা আবার ফেরত নিয়ে যান। এই সুবিধা বিশ্বব্যাপী স্বীকৃত। কিন্তু বাংলাদেশে এসব গাড়ি ব্যবহারের পর তার বেশিরভাগই ফেরত যায়নি। সূত্র জানায়, বাংলাদেশ যে কারনেট সুবিধা দিতে বাধ্য নয় এ তথ্যটি এতদিন অজানা থাকায় বিস্ময় প্রকাশ করেছেন খোদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বিষয়ে এনবিআরকে আশু পদক্ষেপ নেয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এ অবস্থায় কারনেট সুবিধার আওতায় আসা বন্দরে খালাসের অপেক্ষায় থাকা ৭০টি বিলাসবহুল গাড়ি নিলামে উঠানোর চিন্তা করছে এনবিআর। তবে আমদানিকারক ওইসব গাড়ি ফেরত নিতে চাইলে এনবিআর তা বিবেচনা করবে বলে এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা ইত্তেফাককে জানান। এনবিআরের হিসাবে বিভিন্ন সময় এ পর্যন্ত ৩১৫টি গাড়ি কারনেট সুবিধার আওতায় দেশে এসেছে। এসব গাড়ির মধ্যে শর্তানুযায়ী ১১৮টি গাড়ি পুনরায় রফতানি হয়নি। এছাড়া খালাসের অপেক্ষায় রয়েছে আরো ৭০টি। এসব গাড়ির বিষয়ে কারনেট সার্টিফিকেট ইস্যুকারী সংস্থার কাছে এনবিআর দাবিনামা জারি করলেও কোন উত্তর পাওয়া যায়নি। এনবিআর সূত্রে জানা গেছে, কারনেট সুবিধার আওতায় আসা প্রায় সব গাড়িই বিলাসবহুল। অভিযোগ রয়েছে, এসব গাড়ি আমদানি করার পর ফেরত না নিয়ে আমদানিকারক বিপুল দামে বেচে দিচ্ছেন। এসব অভিযোগের তীর ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ীদের বিরুদ্ধেই বেশি। বিলাসবহুল এসব গাড়িতে ৪০০ শতাংশের উপর শুল্ক ও কর বিদ্যমান। সেই হিসেবে এসব গাড়ির উপর শত শত কোটি টাকা শুল্ক হারিয়েছে এনবিআর।