শ্যামনগরে ৯ জন জেলে অপহরণ
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২১:৪৭
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় এলাকার ৯ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু আমির বাহিনীর সদস্যরা। বনদস্যুদের কবল থেকে ফিরে আসা উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের মেহেরুল্লাহ শেখের ছেলে শহিদুল ইসলাম জানান, সুন্দরবন উপকূলীয় মথুরেশপুর গ্রামের নিরাপদ সরকারের ছেলে গোপাল সরকার, হরিনগর গ্রামের কোমর উদ্দীনের ছেলে রহিম ও তিনিসহ ১০জন জেলে কদমতলা বন অফিস থেকে পাস নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। মঙ্গলবার সকালে সু্ন্দরবনের গহীনে চালতেবাড়ী ও চুনকুড়ি খালে মাছ ধরার সময় বনদস্যু আমির বাহিনীর সদস্যরা তাদের উপর হামলা করে বেপরোয়া মারপিট করে ধরে নিয়ে যায়। মারপিটে শহিদুলের হাত ভেঙ্গে গেলে তারা তাকে ছেড়ে দেয়। শহিদুল বনদস্যুদের কবল থেকে ফিরে এসে বুধবার শ্যামনগর হাসপাতাল থেকে চিকিত্সা নিয়ে বাড়ি ফিরে যায়। আহত শহিদুল ও এলাকাবাসী জানান, বনদস্যু আমির বাহিনীর সদস্যরা ৯ জেলেকে অস্ত্রের মুখে একটি নৌকাসহ অপহরণ করে। জনপ্রতি ৫হাজার করে মোট ৪৫ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে বনদস্যুদের কাছে পৌঁছে দেয়া না হলে তাদেরকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়া হবে বলেও হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা কেরামত আলী শহিদুল আহত হওয়ার বিষয়টি স্বীকার করে জানান, বাকি ৯ জেলেকে অপহরণ করা হয়েছে কিনা এ বিষয়ে কিছুই জানি না ।