জগন্নাথপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ৮ সদস্যের অনাস্থা

উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ এনে ৮ জন ইউপি সদস্য বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা প্রস্তাবসহ বিভিন্ন অভিযোগ দিয়েছেন। অভিযোগকারী ইউপি সদস্যরা হলেন মোছা. পিয়ারা হোসেন, মোছা. রূপতেরা বেগম, কওছর উদ্দিন, মমরাজ হোসাইন, আব্দুল তাহিদ, আবুল কালাম, সুলতান মিয়া ও আব্দুল কাহার। অভিযোগে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মজলুল হক পরিষদের বরাদ্দকৃত টিআর, কাবিখা, অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির বরাদ্দকৃত অর্থ ও হাটবাজার, জলমহাল, পানি উন্নয়ন বোর্ডের নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাত্, পরিষদের সদস্যদের সাথে দুর্ব্যবহার করাসহ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরাদ্দকৃত কুশিয়ারা নদীর তীরে বাগময়না পদ্মার ঢালা পিআইসি ১৪ লাখ ৫০ হাজার টাকার কাজে অনিয়ম দুর্নীতির আশ্রয় নেয়ায় সম্প্রতি বাধ ভেঙ্গে রাণীগঞ্জ চিলাইড়া হলদিপুর ইউনিয়নের বোরো ফসল ও রাস্তার ব্যাপক ক্ষতি হয়।