সুন্দরগঞ্জে আসামি ধরতে গিয়ে এসআই আহত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২১:৪৮
উপজেলায় জামায়াত-শিবিরের নৈরাজ্যে পুলিশ হত্যা মামলার আসামি ধরতে গিয়ে আসামির লোকজনের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে পুলিশের এক এসআই আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, গত বুধবার রাত আনুমানিক ৩টার সময় পশ্চিম ছাপড়হাটী (হাউদার ভিটা) গ্রামের পুলিশ হত্যা মামলার আসামি মুসলিম আলী ব্যাপারীকে নিজ বাড়ি থেকে গ্রেফতারের সময় তার স্বজনেরা পুলিশের উপর চড়াও হয়। এতে পুলিশের এসআই মফিজ উদ্দিন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ৫ রাউন্ড গুলি ছোঁড়ে এবং মুসলিম উদ্দিন ব্যাপারী ও তার পুত্র জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার পর থেকে এলাকাটি পুরুষ শূন্য হয়ে পড়েছে।