নারায়ণগঞ্জে আসামী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২১:৪৮
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের স্ত্রী ও শ্যালকসহ ৪ খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামী শামীম রেজার মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শামীমের মৃত্যুর পর রাতে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের কমিটিকে ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এদিকে বুধবার রাতে শামীম রেজার লাশ সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর গ্রামে নিয়ে আসলে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। রাত ৯টায় নিহত শামীমের জানাযা শেষে লাশ কাঁধে নিয়ে কয়েক হাজার নারী-পুরুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত পৌনে ১০টা পর্যন্ত অবরোধ চলাকালে বিপুল সংখ্যক নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে সেখানে অবস্থান করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীরা শামীমকে নির্যাতনকারী সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান খান ও ওসি তদন্ত অরূপ তরফদারসহ জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানায়।