পিরোজপুরে ২৬ ঘন্টা বিদ্যুত্ বন্ধ নির্বাহী প্রকৌশলী সাসপেন্ড
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২১:৪৯
পিরোজপুরে ২৬ ঘন্টার বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকার কারণে পিরোজপুরের বিদ্যুত্ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী কাজী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিকেলে ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্টিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকো)’র উপ-মহা ব্যবস্থাপক আলমগীর কবীর স্বাক্ষরিত এক পত্রে এ বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।
পিরোজপুর বিদ্যুত্ বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ মঈন উদ্দিন জানান, প্রাপ্ত আদেশে গত সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ২৬ ঘন্টার অধিক সময় ধরে পিরোজপুরে বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহক অসন্তোষ দেখা দেয়, দায়িত্বে অবহেলা, বিদ্যমান সমস্যা বিদ্যুত্ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করা, স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ এবং সুসম্পর্ক না থাকাসহ কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্য আচরণের অভিযোগে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীকে সাসপেন্ড করা হয়েছে।