বোরহানউদ্দিনে বাস দুর্ঘটনায় তিন জন নিহত, আহত ৩২
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২১:৪৯
ভোলার বোরহানউদ্দিনে মতিয়ার মার পুকুর নামক এলাকায় বুধবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ৩ যাত্রী। আহত হয়েছে কমপক্ষে আরো ৩২ যাত্রী। দুর্ঘটনাকবলিত বাসটি পুকুরের পানিতে আংশিক ডুবে থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা পুকুরের পানি সেচ দিচ্ছে। আহত যাত্রীরা জানান, ভোলা বাস টার্মিনাল থেকে মির্জাকালু পরিবহন নামের যাত্রীবাহী বাসটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা করে। বোরহানউদ্দিনের মতিয়ার মার পুকুর নামক স্থানে পৌঁছালে সামনের চাকার স্পেন্ডেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলে মিহির (৩৫), পারভেজ (৩০) ও এক অজ্ঞাত যুবক মারা যায়। সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান ঘটনাস্থল থেকে জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটির নিচে কেউ চাপা পড়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য দমকল বাহিনী পুকুরটিতে সেচ দিচ্ছে।