ঠাকুরগাঁওয়ে স্বর্ণের দোকানে ডাকাতি
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২১:৪৯
ঠাকুরগাঁওয়ের বাজার পাড়ায় স্বর্ণের দোকান খোয়াজা গিনি হাউজে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় কয়েকটি ককটেলে বিস্ফোরণ ঘটালে ৭ জন পথচারী আহত হয়। বুধবার রাত ১০টায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা স্বর্ণের দোকানের কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ৩শ’ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বাজার পাড়ার খোয়াজা গিনি হাউজে একটি মাইক্রোবাস নিয়ে ৬/৭ জনের ডাকাত দল প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে কর্মচারীদের জিম্মি করে প্রায় সাড়ে ৩শ’ ভরি স্বর্ণের জিনিসপত্র লুটে নেয়। দোকানের সামনে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়। দোকান মালিক চঞ্চলের দাবি, এক কোটি ৭৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে অস্ত্রধারীরা। সঙ্গে সঙ্গে খবর দিলেও পুলিশ আসতে দেরি করে বলেও অভিযোগ তার। ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, ডাকাত বহনকারী মাইক্রোবাসটি দ্রুত শহর থেকে পালিয়ে যায়। তবে ডাকাতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।