বিসিএস-এর কোটা পদ্ধতির জটিলতা
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২১:৫৫
সরকারি কর্মকমিশনের (পিএসসি) তত্ত্বাবধানে অনুষ্ঠিত বাংলাদেশ বেসামরিক প্রশাসনে (বিসিএস) নিয়োগ পাওয়া উচ্চশিক্ষায় শিক্ষিত মানব সম্পদের জন্য পরম আরাধ্য একটি বিষয়। এই নিয়োগ পরীক্ষার মধ্য দিয়াই বাংলাদেশ সরকার তাহার জনসেবা কার্যক্রমের জন্য সেরা কর্মীদের বাছিয়া লইয়া থাকে। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় কোটা পদ্ধতি একটি খটকা হিসেবে হাজির হয় অনেকের কাছেই। বিশেষত যাহারা অত্যন্ত প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় অংশ নেয়, তাহাদের বিবেচনায় নিয়োগপ্রাপ্তদের বড় একটি অংশ কোটার মধ্য দিয়া নেওয়া হইলে তাহাতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়। চাকুরি প্রার্থীদের অনেকেরই এই কোটা প্রথা লইয়া আপত্তি রহিয়াছে। নীতিনির্ধারকরাও এই পদ্ধতি লইয়া কথা বলা শুরু করিয়াছেন। তবে তাহাদের ভাবনার পরিপ্রেক্ষিত ভিন্ন। তাহারা মনে করিতেছেন কোটা পদ্ধতিতে জটিলতা রহিয়াছে, তাহারা ইহার সরলীকরণ চাহেন।
স্বাধীনতার পর অনগ্রসর এলাকাগুলিকে সামনে লইয়া আসিবার জন্য জেলা কোটা প্রথা চালু হয়। কোটার সারিতে ইহার পর মুক্তিযোদ্ধা, নারী, আদিবাসী, প্রতিবন্ধী ইত্যাদি যুক্ত হইয়াছে। বর্তমান ব্যবস্থায় বিশেষ বিএসএস ব্যতীত সকল বিসিএসে মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি কোটায় ৩০ শতাংশ, নারী কোটায় ১০ শতাংশ, আদিবাসী কোটায় ৫ শতাংশ এবং জেলা কোটায় ১০ শতাংশ নিয়োগের বাধ্যবাধকতা রহিয়াছে। প্রভাবে মোট ৫৫ শতাংশ পদ কোটার মাধ্যমে নির্ধারণ করা হয়। ইহাছাড়া রহিয়াছে প্রতিবন্ধী কোটার ১ শতাংশ, যদিও ইহা ৫৫ শতাংশ কোটা হইতে প্রাধিকারের ভিত্তিতে বণ্টন করা হয়। অর্ধেকের বেশি পদ কোটার মাধ্যমে পূরণ করার চিত্রটি কোটার বাহিরের প্রার্থীদের জন্য নিশ্চয়ই হতাশার। বিষয়টি পুনর্বিবেচনার দাবি রাখে।
তবে এই সকল কোটা পূরণ করিয়া নির্দিষ্ট সময়ের ভিতরে সুসংহতভাবে লোকবল নিয়োগ দিবার বিষয়টি মোটেই সহজ নহে। পিএসসি চাহিতেছে পুরা প্রক্রিয়াটির সরলীকরণ। তাহাদের ভাষায় বিষয়টি ‘অত্যন্ত জটিল, দুরূহ ও সময়সাপেক্ষ’। কোটা বণ্টন নীতিমালা বাধ্যবাধকতার কারণে মুক্তিযোদ্ধা, নারী ও আদিবাসী কোটায় প্রার্থী না পাওয়ার পরিপ্রেক্ষিতে কতিপয় ক্যাডারে নিয়মানুগভাবে পদ সংরক্ষণ করিতে হয়। এই বিবেচনা রক্ষা করিতে গিয়া উপযুক্ত প্রার্থী নির্বাচন শতভাগ নিখুঁতভাবে সম্পাদন করা প্রায় অসম্ভব হইয়া পড়ে। প্রার্থীদের বিভিন্ন ক্যাডারের চাকুরির পছন্দক্রম এবং কোটার সহিত বিভিন্ন জেলা/বিভাগের জন্য আরোপিত সংখ্যাগত সীমারেখা সংযুক্ত হইয়া এমন একটি বহুমাত্রিক সমীকরণ কাঠামোর সৃষ্টি করিয়াছে, নির্ধারিত সময়ের ভিতর যাহার সমাধান করা মানবীয়ভাবে অসম্ভব। এই প্রেক্ষাপটে পিএসসি মনে করিতেছে কোটা পদ্ধতির সরলীকরণ করিতে হইবে। পিএসসি এইজন্য প্রায় প্রতিবছরই সরকারের নিকট কোটা পদ্ধতিতে পরিবর্তন ও সরলীকরণের চিঠি দিয়া যাইতেছে, কিন্তু সরকারের দিক হইতে কোনো সাড়া পাইতেছে না। চলতি বত্সরে তাই পিএসসি কোটা পদ্ধতি পরিবর্তন নহে, শুধু সরলীকরণের জন্য চিঠি দিয়াছে।
সরকারি পদসমূহে জনবল নিয়োগ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। উচ্চশিক্ষায় অধ্যয়নরত বেশিরভাগ শিক্ষার্থীর জীবনের অন্যতম লক্ষ্য থাকে বিসিএস পরীক্ষা দিয়া সরকারি পদে চাকুরি করিবার। সরকারও তাহার রাষ্ট্রযন্ত্র পরিচালনা করিবার জন্য প্রয়োজনীয় শ্রেষ্ঠ মানবসম্পদ এই সংক্রান্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়াই নির্বাচন করিয়া থাকে। তাই সরকারকে এই নিয়োগ প্রক্রিয়ায় কোটাসংক্রান্ত জটিলতাগুলি গুরুত্বসহকারে বিবেচনা করিতে হইবে। পাশাপাশি কোটা পদ্ধতির শতাংশ লইয়া পুনর্বিবেচনার সুযোগ রহিয়াছে কিনা তাহাও পরীক্ষা করিয়া দেখিতে হইবে। জাতি-লিঙ্গ-অঞ্চল নির্বিশেষে অনগ্রসর জনগোষ্ঠীর পৃষ্ঠপোষকতার প্রয়োজন রহিয়াছে, কিন্তু সময়ের পরিক্রমায় পৃষ্ঠপোষকতার পরিস্থিতি পর্যালোচনা করিতে হইবে এবং তাহার ফলাফলের ভিত্তিতে কোটা পদ্ধতি হালনাগাদ করিতে হইবে।