হরতালের রাজনীতি ও অর্থনীতি

সমসাময়িককালে হরতালের রাজনীতি একটি বহুল আলোচিত ঘটনা। রাজনীতিবিদদের মতে এই কাজটি নাকি তাদের গণতান্ত্রিক অধিকার এবং আইনবিদরা বলেন, বাংলাদেশের সংবিধানে কোথাও এই অধিকারটির কথা উল্লেখ নেই, যা পরবর্তীতে একটি অধিকারে পরিণত হতে পারে। তবে এটি বলতে আর কোন দ্বিধা নেই যে, হরতাল আমাদের সংস্কতির একটি বিশেষ অংশ হিসাবে এরই মধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে। গত মার্চ মাস বাংলাদেশের ইতিহাসে একটি চিরস্মরণীয় মাস যে মাসের একত্রিশ দিনে মোট হরতাল হয়েছে বাইশ দিন। এই কার্যক্রমের আওতা থেকে ছাত্র-ছাত্রীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষাও বাদ যায়নি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষারও রুটিন বারবার পরিবর্তন হয়েছে। এই হরতালের প্রধান টার্গেট হলো যানবাহন খাত এবং বিগত তিন মাসেরও কিছু বেশি সময়ে সারাদেশে এক হাজারেরও বেশি বাস, মিনিবাস, ট্রাক, হালকা গাড়ি, মোটরসাইকেল, টেক্সিক্যাব ইত্যাদি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অনেক ক্ষেত্রে চলার অনুপযোগী। আর কিছুদিন পর বাংলাদেশ জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট উপস্থাপিত হবে মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক এবং এরই মধ্যে মন্ত্রী মহোদয় বিভিন্ন মতবিনিময় সভায় বলতে শুরু করেছেন যে, প্রস্তাবিত বাজেট হবে বৃহদাকার এবং যার পরিমাণ হবে ২ লক্ষ ২২ হাজার কোটি টাকা। এতে পদ্মা সেতুর জন্য বিশেষ বরাদ্দ থাকবে। এজন্য দরকার হবে ১৮০ কোটি ডলার বৈদেশিক মুদ্রার এবং এর মধ্যে ১০০ কোটি ডলার সংগ্রহ করা হবে বন্ড ছেড়ে আন্তর্জাতিক বাজার থেকে। কিন্তু হরতালের চাপে পড়ে এ সকল কার্যক্রম কতটুকু বাস্তবায়িত হবে এ নিয়ে অর্থমন্ত্রীর উত্কণ্ঠা থাকলেও তেমন করার কিছুই নেই। কারণ রাজনৈতিক মতাদর্শেই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় সংসদীয় গণতন্ত্রের দেশে, যা বাংলাদেশেও ঘটছে। সরকার একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ কর্তৃক তা পরিচালিত হয়। সংসদে বিরোধী দলের অবস্থানও সঠিকভাবে উল্লেখ আছে সংবিধানে। তারপরও হরতালের প্রয়োজন হয় কেন এ প্রশ্নটি রয়েই গেল। বস্তুত নব্বই দশকের পর থেকে এ দেশে গণতন্ত্রের চর্চা শুরু হয় প্রাথমিকভাবে। কিন্তু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য যে সকল উপাদান প্রয়োজন, যেমন গণতান্ত্রিক আচরণ, মূল্যবোধ, সহমর্মিতা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা ইত্যাদির উপস্থিতি তেমন পরিলক্ষিত হয়নি। ফলে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিবাদের মাধ্যম হিসাবে সহিংস হরতালকে (জ্বালাও, পোড়াও, ভাংচুর, জীবননাশ ইত্যাদি) বেছে নেয়। এতে জনজীবনে নেমে আসে এক চরম ভোগান্তি। যদিও বলা হয়, ক্ষমতাসীন দল এ ব্যাপারে সহনশীল ভূমিকা পালন করবে; কিন্তু বাস্তবে তা হয়ে উঠে না এ কারণে যে, নিজ দলের ভিতরে গণতন্ত্রের চর্চার যথেষ্ট অভাব থাকে। কারণ দল পরিচালিত হয় সভাপতি বা সভানেত্রীর নির্দেশে এবং সরকার প্রধান/দলীয় প্রধান একই ব্যক্তি। ফলে বিচার-বিবেচনার ব্যাপারে স্বীয় দল প্রাধান্য পায় অন্যান দলের চেয়ে, যা কোনভাবেই কাম্য নয়। এগুলোই সংঘাতের মূল কারণ এবং চলমান রাজনৈতিক কর্মকাণ্ডের ফলে বিরোধী দলের অর্ধশতাধিক প্রথম শ্রেণির নেতাকর্মী দেশের বিভিন্ন কারাগারে বন্দী রয়েছেন। এই ধারা আগামী দিনগুলোতে আরও বেশি অব্যাহত থাকবে এ ব্যাপারে সন্দেহের কোন অবকাশ নেই। বর্তমান সরকারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ : আস্তিক-নাস্তিক চ্যালেঞ্জ, যুদ্ধাপরাধীদের বিচার এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি। এরই মধ্যে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে, এ দেশে তত্ত্বাবধায়ক সরকারের কোন সুযোগ নেই এবং অর্থমন্ত্রী প্রাক-বাজেট আলোচনায় বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে বর্তমান প্রধানমন্ত্রী আগামী জানুয়ারি ২০১৪ সাল পর্যন্ত বহাল থাকবেন। অপরদিকে বিরোধিতায় বসা ১৮ দলীয় জোট তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তাদের সিদ্ধান্তে অটল। তার মানে দাঁড়ায় সমস্যাটি অমীমাংসিতই রয়ে গেল। একটি হিসাবে দেখা যায়, হরতালের কারণে প্রতিদিন এক হাজার ছয়শ কোটি টাকা ক্ষতি হচ্ছে, যা দুইশ মিলিয়ন মার্কিন ডলারের সমান। এরই মধ্যে ম্যানিলাভিত্তিক এশিয়ান উন্নয়ন ব্যাংক তাদের সামপ্রতিক প্রতিবেদনে উল্লেখ করেছেন যে, বর্তমান বছরে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশের বেশি অর্জন করা সম্ভব হবে না। অথচ ২০২১ সালের মধ্যে বাংলাদেশ যদি একটি মধ্য আয়ের দেশে পরিণত হতে হয় তাহলে কমপক্ষে জিডিপি-এর প্রবৃদ্ধি ৮.৫ শতাংশ থেকে ৯.০ শতাংশে উন্নীত হতে হবে এবং মাথাপিছু আয় ১৫০০ মার্কিন ডলারে দাঁড়াতে হবে। কিন্তু এই রাজনৈতিক অস্থিরতা বিরাজমান থাকলে তা অর্জন করা সম্ভব হয়ে উঠবে না। এখন সরকারের সামনে দুইটি পথ খোলা আছে। প্রথমত, আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অর্থনীতির স্বার্থে হরতালকে প্রশমিত করে বিরোধী দলকে সংলাপের টেবিলে বসানো; দ্বিতীয়ত, তা যদি সম্ভব না হয় তাহলে রাজনৈতিক ও অরাজনৈতকিভাবে সর্বদলীয় সভা ডেকে দেশের এই ক্রান্তিকালে কি করণীয় এ ব্যাপারে সকলের মতামত নেয়া। এখন প্রশ্ন হলো, এ মধ্যস্থতাকারী হিসাবে কে কাজ করবেন এবং অতীতেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করে সফলকাম হওয়া যায়নি কেবল বিদ্বেষী মনোভাবের কারণে। তবে কি আমরা একটি গৃহযুদ্ধের দিকে যাচ্ছি? যদি তাই হয় তাহলে কোথায় যাবে আমাদের সম্ভাবনার বাংলাদেশ, ক্ষুদামুক্ত বাংলাদেশ এবং মধ্যম আয়ের দেশ বাংলাদেশ। লেখক: অধ্যাপক ও গবেষক, সিটি ইউনিভার্সিটি, ঢাকা।