কাফরুলে শ্বশুরের গুলিতে পুত্রবধূ আহত
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:০০
রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুরে মাকে নির্যাতনের সময় ছেলেকে সরিয়ে দিতে নিজের লাইসেন্সকৃত শটগান দিয়ে ফাঁকা গুলি করেন বাবা। সেই গুলি দেয়ালে লেগে পুত্রবধূর পায়ে লাগে। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। পুত্রবধূ রেজওয়ানা জাহান আশার বাম পায়ে গুলি লেগে পাশ দিয়ে বের হয়ে যায়। গত বুধবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। আহত আশাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশার স্বামীর নাম মাহবুবুর রহমান খান। মাহবুবের দ্বিতীয় স্ত্রী আশা। প্রথম স্ত্রীকে তালাক দিয়েছে মাহবুব। আশা ও মাহবুব বাড্ডার শাহাজাদপুরের একটি ভবনে থাকেন।
কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী ইত্তেফাককে বলেন, কাফরুলের ৮৫৬ ইব্রাহিমপুরে বাড়িতে থাকেন হাবিবুর রহমান খান। তার ছেলে স্ত্রীসহ অন্যত্র বসবাস করেন। বুধবার রাতে টাকার জন্য ছেলে বাসায় এসে মাকে মারধর করতে থাকেন। এ সময় পূত্রবধূও ছেলেকে সহায়তা করেন। এমন পরিস্থিতিতে হাবিবুর রহমান তার লাইসেন্স করা শটগান দিয়ে ফাঁকা গুলি করেন। গুলি পুত্রবধূর পায়ের সাইডে লাগে। ওসি বলেন, মাহবুব মাদকাশক্ত বলে তারা জানতে পেরেছেন। মাঝে মধ্যে বাসায় এসে তিনি মাকে মারধর করতেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কেউ মামলা করেনি বলে জানান তিনি।
এদিকে হাসপাতালে চিকিত্সাধীন আশা জানান, বুধবার রাত ১১টার দিকে শ্বশুর হাবিবুর রহমান খানের বাসায় তারা যান। ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় তার শ্বশুরের ফ্ল্যাট। তিনি আরও জানান, স্বামীসহ তিনি বাসায় উঠার সময় শ্বশুর ও শাশুড়ি সিঁড়িতে নেমে আসেন। পারিবারিক বিষয় নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে তাদের বাক-বিতণ্ডার এক পর্যায়ে মাহবুব মোবাইল ফোন রিচার্জ করার জন্য যান। ওই সময়ই তাকে লাইসেন্সকৃত শর্টগান দিয়ে গুলি করেন শ্বশুর।