মুগদায় রিচার্জেব্ল ফ্যান বিস্ফোরণে দগ্ধ পাঁচ

রাজধানীর মুগদায় একটি বাড়িতে বিস্ফোরণের পর ঘরে আগুন লেগে একই পরিবারের তিনজনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দু’টি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মুগদার মানিকনগরে আনোয়ারুজ্জামান শিপনের বাসায় এই দুর্ঘটনা ঘটে। শিপন জানান, রিচার্জেব্ল টেবিল ফ্যান বিস্ফেরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তারা কেউই ঘর থেকে বের হতে পারেনি। অগ্নিদগ্ধরা হলেন- শিপন, তার স্ত্রী ফারিয়া জামান মৌ, তাদের একমাত্র ছেলে আনিসুজ্জামান অপূর্ব (৩), তাদের আত্মীয় আরমান (৫) ও সাবিহা (৫)। আহত শিপনের প্রতিবেশী আক্তার হোসেন জানান, আহতদের মধ্যে সাবিহাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সা দেয়া হযেছে। বাকি ৪ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে হঠাত্ বিস্ফোরণের শব্দ পান এবং পরে ধোঁয়া দেখে শিপনের বাসায় যান। সেখানে যাওয়ার পর পাঁচজনকে দগ্ধ অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিত্সক গৌরপদ শিকদার জানান, অপূর্ব ও আরমানের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া শিপনের শরীরের ৫০ শতাংশ এবং মৌর ৪৭ শতাংশ পুড়ে গেছে। শিশু দু’টির অবস্থা আশঙ্কাজনক। বাকি দু’জনকেও এখনো আশঙ্কামুক্ত বলা যাবে না। মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ করিম বলেন, কি কারণে এই বিস্ফোরণ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আহতরা একটু সুস্থ হলেই তাদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানা যাবে। তাছাড়া বিশেষজ্ঞরা ওই বাড়ি পরিদর্শন করেছেন। সেখান থেকে আলামত জব্দ করা হয়েছে। সেগুলোও পরীক্ষা করে দেখা হচ্ছে।