ঢাবির ২২ প্রতিবন্ধী শিক্ষার্থীকে ল্যাপটপ দিল সিডিডি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২২ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেছে সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে তাদের শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে পারে সে লক্ষ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তথ্যপ্রযুক্তির গতিময় এ যুগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে ল্যাপটপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের উচ্চ শিক্ষায় আরো উত্সাহিত করবে। অনুষ্ঠানে সিডিডির নির্বাহী পরিচালক এএইচএম নোমান খান বক্তব্য রাখেন।