বংশালের বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই পথচারীর মৃত্যু
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:০১
জলাবদ্ধ রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। বৃহস্পতিবার বংশাল থানার নয়াবাজার নর্থসাউথ রোড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর প্রবল বৃষ্টি ও দুর্বল ড্রেনেজ সিস্টেমের কারণে সকালে নর্থসাউথ রোডের একটি অংশে হাঁটু সমান পানি জমে যায়। এ সময় পাশের বিদ্যুতের পোল থেকে একটি তার ছিঁড়ে রাস্তায় পড়লে ওই স্থানের পানিও বিদ্যুতায়িত হয়। কিন্তু পথচারীরা বিষয়টি বুঝতে পারেননি। দুই পথচারী আওলাদ (৩৫) ও শাহীন (৩২) সেখানে পৌঁছানো মাত্র বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকলেও এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ নেয়নি। কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তারা।
বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, স্থানীয়রা ওই দু’জনকে উদ্ধার করে মিটফোর্ড মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দু’জনের লাশই বর্তমানে হাসপাতাল মর্গে রাখা আছে। নিহত দু’জনই স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানা গেছে। এর মধ্যে আওলাদের বাড়ি বংশালে এবং শাহীনের বাড়ি পার্শ্ববর্তী মালিটোলায়।