উন্নয়নে নারীর অংশগ্রহণ বাড়াতে চাই বাজেট বরাদ্দ

গত কয়েক বছর ধরে শিক্ষা, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে একটি সম্ভাবনাময় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এ শক্তিকে কাজে লাগিয়ে বিশেষ করে গ্রামীণ উন্নয়নে নারীদের অংশগ্রহণ বাড়াতে নারীর অগ্রগতি এবং মানবাধিকার রক্ষায় স্থানীয় সরকারের জন্য বাজেট বরাদ্দ প্রয়োজন বলে এক মতবিনিময় সভায় বক্তারা দাবি করেছেন। এ লক্ষ্যে স্থানীয় সরকারকে শক্তিশালী ও নারীবান্ধব করতে হবে এবং কেন্দ্রীয় বাজেটে বরাদ্দের পাশাপাশি স্থানীয় সম্পদ আহরণ ও নিয়ন্ত্রণের কর্তৃত্ব স্থানীয় সরকারের হাতে দিতে হবে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বেসরকারি সংস্থা স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এ মতবিনিময় সভার আয়োজন করে। এ সভার উদ্দেশ ছিল স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের নারী নির্যাতন প্রতিরোধসহ নারী উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে সুনির্দিষ্ট বাজেট বরাদ্দের গুরুত্ব তুলে ধরা। সভায় সম্মানিত আলোচক ছিলেন জেন্ডার বিশেষজ্ঞ ড. কানিজ সিদ্দিকী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, পিডিডিএফ প্রজেক্টের চীফ কো-অর্ডিনেটর ওয়াজেদ ফিরোজ এবং গাইবান্ধা ভরতখালী ইউনিয়ন চেয়ারম্যান শামসুল আজাদ শীতল। এছাড়া তৃণমূল পর্যায়ের কয়েকজন স্থানীয় সরকার প্রতিনিধি অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার। স্টেপসের পক্ষ থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন সমন্বয়কারী মামুনুর রশীদ দিপু। বক্তারা আরো বলেন, নারীর উন্নয়নে কতগুলো দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেই চাহিদা অনুযায়ী বাজেট বরাদ্দ দিতে হবে। এক্ষেত্রে বক্তারা বিশেষ করে জাতীয় নারী উন্নয়ন নীতিমালার কর্মপরিকল্পনা ও বাজেট প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন। বক্তারা উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের অনেক কাছাকাছি থাকে। কিন্তু জাতীয় বাজেটে যথাযথ বরাদ্দ ও দিক-নির্দেশনা নেই বলে চাহিদা থাকা সত্ত্বেও অনেক সময় স্থানীয় মানুষের জরুরি প্রয়োজনে যেমন দুর্যোগ-দুর্বিপাকে, স্বাস্থ্য ও চিকিত্সা সেবায়, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ বা কর্ম সংস্থানের ক্ষেত্রে স্থানীয় জনগণকে সহায়তা করা তাদের পক্ষে সম্ভব হয় না। এজন্য এখন অনেকেই দাবি তুলছেন যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি করতে হবে, তাদের জন্য বাজেট বরাদ্দের পরিমাণ ও ক্ষেত্রসমূহ বাড়াতে হবে, এ বরাদ্দের অন্তত ৪০% নারীদের জন্য নির্দিষ্ট করতে হবে এবং তা স্থানীয় নারী সদস্যদের মাধ্যমেই অগ্রাধিকার ভিত্তিতে বণ্টন করতে হবে।