আইপিএলে স্পট ফিক্সিং

এবার ‘শিকার’ আম্পায়ার রউফ

প্রতিদিন গড়াচ্ছে আর জটিলতর আকার ধারণ করছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্পট ফিক্সিং বিতর্ক। সর্বশেষ এই বিতর্কে নাম জড়ানোয় আইসিসি তার এলিট প্যানেল আম্পায়ার আসাদ রউফকে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরিয়ে দিয়েছে! এ ছাড়া গতকাল ভারত জুড়ে বিভিন্ন রাজ্য পুলিশের অভিযানে আরও অন্তত ছয়জন বাজিকর গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে টালিগঞ্জের চলচ্চিত্র প্রযোজক অজিত সুরেখাকে। সবচেয়ে তাত্পর্যপূর্ণভাবে মুম্বাই পুলিশ হানা দিয়েছে চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী গুরুনাথ মাইয়াপ্পানের অফিসে। গুরুনাথের বড় পরিচয়, তিনি হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান এন শ্রীনিবাসনের জামাতা! এদিকে ভারতের ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, জুনের ৩০ তারিখের মধ্যে সংসদে ক্রীড়া বিষয়ক একটি আইন উপস্থাপন করা হবে; যেখানে ক্রীড়াক্ষেত্রে যে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়মের কঠোরতর সাজার ব্যবস্থা থাকবে। ক্রীড়া মন্ত্রণালয়ের মতো করেই কিছু সতর্কতামূলক আইন করতে যাচ্ছে বিসিসিআই। তার মধ্যে একটি হল, এজেন্টদের রেজিস্ট্রেশন ও পরিচয়পত্র প্রদান। এই সিদ্ধান্তে ভারতের বিভিন্ন খেলোয়াড়দের এজেন্টরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তবে বড় ও পুরোনো এজেন্সি প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। গত ১৬ মে কমপক্ষে তিনটি ম্যাচে অর্থের বিনিময়ে বাজিকরদের চাহিদামতো বল করার অভিযোগে টেস্ট ক্রিকেটার শ্রীশান্থসহ রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটারকে গ্রেপ্তারের ভেতর দিয়ে শুরু হয় ভারতীয় ক্রিকেটের নতুন এই সংকট। এর ধারাবাহিকতায় পরে আরও দুই সাবেক ক্রিকেটার, অন্তত ২৫ জন বিভিন্ন স্তরের বাজিকর গ্রেপ্তার হন। একটা পর্যায়ে শঙ্কা তৈরি হয়, ভারতীয় চলচ্চিত্র শিল্পগুলোও এই বিতর্কে জড়িয়ে যাওয়ার। সেই শঙ্কা সত্যি করে প্রথম গ্রেপ্তার হন সাবেক কুস্তিগীর ও অভিনেতা দারা সিংয়ের পুত্র, অভিনেতা বিন্দু দারা সিং। সেই ধারাবাহিকতায় গতকাল কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছেন অজিত সুরেখা। ইত্তেফাকের কলকাতা প্রতিনিধি জানিয়েছেন, উল্টোডাঙা গৌরিবাড়ি লেনের একটি বাসা থেকে সুরেখাসহ মোট দশজন বাজিকরকে গ্রেপ্তার করা হয়। যতোদূর জানা গেছে, এরা আগে ঘোরদৌড়ের বাজিতে জড়িত ছিলেন; এখন ক্রিকেটেও অর্থ বিনিয়োগ করছেন। তবে গতকাল দিনের সবচেয়ে উল্লেখযোগ্য খবর ছিল আসাদ রউফকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে তুলে নেয়া। আগের দিনই ভারতীয় সংবাদ মাধ্যম বলছিল, আইপিএলের একজন পাকিস্তানি আম্পায়ারকে নিয়ে তদন্ত করছে মুম্বাই পুলিশ। পরে জানা যায়, ওই আম্পায়ার হলেন রউফ। এর আগে নারী কেলেঙ্কারিতে জড়ানো রউফকে এই বিতর্কে নাম আসার পর এক বিবৃতি দিয়ে আইসিসি সরিয়ে দিয়েছে আগামী মাসের চ্যাম্পিয়নস ট্রফি থেকে। আইসিসি তার বিবৃতিতে বলেছে, ‘মুম্বাই পুলিশের তদন্তে আসাদ রউফকে নিয়েও কথাবার্তা আসায় আসাদেরই বৃহত্তর স্বার্থে এবং ভক্ত ও ইভেন্টেরও স্বার্থে তাকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে তুলে নেয়া হয়েছে।’ তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে, তারা এখনও এ ব্যাপারে কিছু জানে না। এদিকে বিন্দু দারা সিংয়ের সঙ্গে ফোনালাপ ও বুকিদের সঙ্গে সম্পর্ক আছে সন্দেহে জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তারের জন্য মুম্বাই পুলিশ চেন্নাইতে গুরুনাথের বাড়িতে পৌঁছালে সেখানে তাকে পাওয়া যায়নি। পরে পুলিশ আগামী সোমবারের মধ্যে তাকে হাজির হয়ে সাক্ষ্য দেয়ার জন্য নোটিস পাঠিয়েছে। চেন্নাই সুপার কিংয়ের মালিকপক্ষ শুধু নয়; বিন্দু দারা সিং গ্রেপ্তার হওয়ায় শংকায় আছেন খোদ দলটির অধিনায়ক ও ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। কারণ এই বিন্দু দারা সিং আবার ধোনির স্ত্রী সাক্ষীর ঘনিষ্ঠ; ক’দিন আগেও এক আইপিএল ম্যাচে দু’জনকে একসঙ্গে দেখা গেছে।