এখনও শঙ্কায় প্রিমিয়ার লিগ
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:১২
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী আগামী ১ জুলাই থেকে মাঠে গড়ানোর কথা ঢাকা মহানগরী প্রিমিয়ার লিগ। কিন্তু সেই মার্চ থেকে শুরু হওয়া নানামুখী জটিলতা যেন কিছুতেই কাটছে না। সর্বশেষ জাতীয় দলের খেলোয়াড়ের আপত্তির মুখে তাদের সন্তুষ্ট করতে বিশেষ ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তারপরও জাতীয় দলের বাইরে থেকে যাওয়া দেড় শতাধিক ক্রিকেটারকে সন্তুষ্ট করা সম্ভব হচ্ছে না বলেই মনে হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) কথায়। তারা বলছে, গ্রেডিং হোক আর যাই হোক ‘গতবারের মতো বাস্তবসম্মত পারিশ্রমিক’ ছাড়া প্রিমিয়ার লিগ খেলবে না ক্রিকেটাররা!
প্রিমিয়ার লিগে এখন মোটা দাগে চারটি পক্ষ তৈরি হয়েছে—বিসিবি, ক্লাব, জাতীয় দলের খেলোয়াড়রা এবং জাতীয় দলের বাইরের খেলোয়াড়রা। জাতীয় দল জিম্বাবুয়ে সফরে থাকা অবস্থায় বাকী সব পক্ষকে একমত করে গ্রেডিং পদ্ধতিতে নিলাম করে প্রিমিয়ার লিগ আয়োজনের সিদ্ধান্ত একরকম চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু জাতীয় দল দেশে ফিরে ২৪ ক্রিকেটার মিলে বিশেষ বৈঠক করে গ্রেডিং না মানার সিদ্ধান্ত নেয়।
সেই দাবির মুখে বোর্ড একটু পিছু হতে জাতীয় দলের জন্য বিশেষ ব্যবস্থা করছে বলে খবর পাওয়া গেল। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও নাসির হোসেনকে বিশেষ ব্যবস্থায় সর্বোচ্চ ২৫ লাখ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি ও ক্লাবগুলো; এর বাইরে জাতীয় দলের আরও ২৪ খেলোয়াড়কে ২০ লাখ টাকা করে দেয়া হবে বলেও জানা যাচ্ছে। কিন্তু এই সিদ্ধান্তেও লিগের সংকট কাটছে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল বললেন, তারা এ ধরনের গ্রেডিং সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেননি। তবে যেটুকু বুঝতে পারছেন, তাতে এই বিশেষ ব্যবস্থার গ্রেডিং তাদের কাছে বাস্তবসম্মত মনে হচ্ছে না, ‘আমাদেরকে বিসিবি থেকে গ্রেডিং পদ্ধতির ব্যাপারে কিছুই জানানো হয়নি। তাছাড়া খেলোয়াড়দের যেভাবেই অর্থই দেয়া হোক না কেন, গতবারের মত ক্লাবগুলো খেলোয়াড়দের বাস্তবসম্মত পারিশ্রামিক দিবে-এটাই আমাদের চাওয়া। আগামী ২৭/২৮ মে মধ্যে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো’।
কোয়াবের সাধারণ সম্পাদকের ইঙ্গিত বলছে, বিসিবির এই গ্রেডিং পদ্ধতি তারা মানবে না। এমনকি কোয়াবের সাথে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের কথা হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। তারাও এই সিদ্ধান্ত মানবেন না বলে কোয়াব ধারণা দিয়েছে। এমনটা হলে বোর্ডের কি করণীয়?
গত মঙ্গলবার ক্লাবগগুলোর সাথে বিসিবির বৈঠকের পর প্রাইম ব্যাংক ক্রিকেট দলের দায়িত্বে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন খেলোয়াড়রা না খেললে ক্লাবগুলোর কি করণীয়, ‘আমরাও তো পারিশ্রমিক নিয়ে আন্দোলন করেছি। কিন্তু এভাবে হুমকি তো দেইনি। আমরা খেলার জন্য আন্দোলন করেছি, খেলতে চাই। কিন্তু তারা খেলবে না বলেই হুমকি দিচ্ছে। যারা এ সিদ্ধান্ত মানবে না তাদের ছাড়াই ক্লাবগুলো দল সাজাবে’।
খেলোয়াড়দের স্বার্থ সংরক্ষণের জন্য গত বুধবার রাতে কলাবাগান ক্লাব প্রাঙ্গণে আলোচনায় বসে প্রিমিয়ারের বারোটি ক্লাব। মোহামেডান ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া কাল ইত্তেফাককে বলেন, ‘বোর্ড সভাপতি আমাদের সাথে কথা বলেছেন। তিনি আমাদের দাবি-দাওয়ার ব্যাপারে অত্যন্ত আন্তরিক। তিনি বলেছেন, চারজন ক্রিকেটারকে একটু বেশি পারিশ্রমিক দিতে। যদিও গ্রেডিং পদ্ধতি আমরা করছি না। এটা বোর্ড থেকেই করবে। কি ফরম্যাটে লিগ শুরু করা উচিত তা নিয়েই আমরা আলোচনা করেছি।’
জানা গেছে, এই চারজন ক্রিকেটার ছাড়া আরো ২৪ জন ক্রিকেটারের আলাদা নিলাম অনুষ্ঠিত হবে। যাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ২০ লাখ টাকা। এছাড়া ১৫, ১০, ৭ ও ৫ লাখ টাকার গ্রেডিং করার পরিকল্পনা হয়েছে বলে জানা গেছে। তবে টাকার এই অংক কোন কোন গ্রেডিংয়ের আওতায় আনা হবে সেটা এখনো ঠিক করেনি।
১ জুলাই থেকে প্রিমিয়ার লিগ শুরু হলেও ক্লাবগুলো আগে টি-টোয়েন্টি শুরু করতে চাচ্ছে। সেক্ষেত্রে জুলাইয়ের শেষ সপ্তাহে সীমিত ওভারের ম্যাচ শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু খেলোয়াড়রা এই পারিশ্রমিক মানবে কিনা তা নিয়ে শংকা তৈরি হয়েছে। বিশেষ করে কোয়াবের সাধারণ সম্পাদকের কথাতেই বিষয়টি স্পষ্ট, ‘বিসিবির এই সিদ্ধান্তে খেলোয়াড়রা প্রচণ্ড হতাশ। আমরা এখনো গ্রেডিং পদ্ধতি হাতে পায়নি। প্রয়োজন হলে ১৮১ জন খেলোয়াড় নিয়ে আমরা সংবাদ সম্মেলন ডাকব। আমরাও চাই খেলা মাঠে গড়াক। খেলোয়াড়রাও চায় খেলতে। তবে এর জন্য খেলোয়াড়দের পারিশ্রমিক বাস্তবভিত্তিক হতে হবে।’ এদিকে ঢকায় ভেন্যু জটিলতার কারণে প্রিমিয়ার লিগের আসর ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে বিসিবির কাছ থেকে ক্লাবগুলোর অনুদানের অংকটাও বেড়ে যাচ্ছে। গতবার বোর্ডের কাছ থেকে প্রতিটি ক্লাব ৩৫ লাখ টাকা করে অনুদান পেলেও এবার তাদের দাবি ৫০ লাখ টাকা। বিসিবির এডহক কমিটির সদস্য লোকমান হোসেন আশ্বাস দিয়েছেন, ক্লাবগুলোর এই দাবি মানা বোর্ড মানতে পারে।