মৌসুম শেষেই ‘শত্রুপক্ষে’ ডর্টমুন্ডের লেভানডস্কি

এ মৌসুমের পর আর হয়তো থাকা হচ্ছে না বরুশিয়া ডর্টমুন্ডে। সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে শোনা যাচ্ছে বায়ার্ন মিউনিখের নাম। তবে তার আগে আগামী রবিবার ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগে ‘অল জার্মান’ ফাইনালে রবার্ট লেভানডস্কির হাতেই বায়ার্নের স্বপ্নের অপমৃত্যু দেখতে চায় বরুশিয়া। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দেখিয়েছেন চার গোলের কৃতিত্ব। আর তার এই দুর্দান্ত নৈপুণ্যেই রিয়াল মাদ্রিদের বাধা টপকে ১৯৯৭ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলতে পারছে বরুশিয়া। শুধু এই ম্যাচ নয়, পুরো মৌসুম জুড়েই লেভানডস্কি আছেন দুরন্ত ফর্মে। এ মৌসুমে এখনো পর্যন্ত করেছেন ৩৫ গোল। আর এমন একজন স্ট্রাইকার যখন ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন না করার ঘোষণা দেন, তখন তার জন্য অন্য ক্লাবগুলোর মধ্যে তো কাড়াকাড়ি লাগবেই! হয়েছেও তাই। ২০১৪ সালের জুনে বর্তমান চুক্তি শেষ হওয়ার পর বরুশিয়ার জার্সি গায়ে আর মাঠে নামার ইচ্ছে নেই। রিয়ালের বিরুদ্ধে শেষ চারের প্রথম লেগে সেই অবিশ্বাস্য পারফরম্যান্সের পরই লেভানডস্কির প্রতিনিধি মাইক বার্থেল জানিয়েছেন, ‘আমরা আরেকটি ক্লাবের সাথে সমঝোতায় আসতে চাচ্ছি এবং গ্রীষ্মে নতুন দল খোঁজার আইনগত অধিকার আমাদের আছে।’এমন বিবৃতির পর ট্রান্সফর বাজারের অন্যতম আকাঙ্ক্ষিত খেলোয়াড়েই পরিনত হয়েছেন বুন্দেসলিগায় টানা ১২ ম্যাচে গোল করার নতুন নজির স্থাপন করা এই লেভানডস্কি। বাজারে গুঞ্জন ক্লাব সতীর্থ মারিও গোয়েটশের পথ ধরে আলিয়াঞ্জ অ্যারেনাতেই যাচ্ছেন এই পোলিশ। যদিও তাকে চুক্তিবদ্ধ করতে লাইন ধরে আছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের মতো অন্য বড় ক্লাবগুলোও। তবে দিন দিন পাল্লা ভাড়ি হচ্ছে বায়ার্নের দিকেই। সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, আগামী মাস অথবা বরুশিয়ার সাথে চুক্তি শেষ হওয়ার পরে ২০১৪’র জুনে বায়ার্নে যোগ দেয়ার ব্যাপারে এরই মধ্যে রাজি হয়েছেন তিনি। তবে এমন সংবাদ ভিত্তিহীন দাবি করে বরুশিয়ার প্রধান নির্বাহী হ্যান্স জোয়াকিম ওয়াটজকে বলেন, দুই কোটি ইউরোর ট্রান্সফার অর্থের চেয়ে ২০টি গোলই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, ‘সে আমাদের সাথে ২০১৪ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এবং এরমধ্যে তার ক্লাব ছাড়ার কোন সুযোগ নেই। আমাদের একান্ত ইচ্ছা, সে আমাদের সাথেই থাকবে অন্ততপক্ষে ২০১৪ সাল পর্যন্ত।’ তবে গোয়েটশের মতো এতটা সহজে হয়তো নতুন ক্লাবে যাওয়া হচ্ছে না লেভানডস্কির। কারণ গোয়েটশের সঙ্গে বরুশিয়ার চুক্তিতে যে ‘অব্যাহতি ধারা’ বা ‘রিলিজ ক্লজে’র উল্লেখ ছিল তেমনটা নেই লেভানডস্কির সঙ্গে। সে ব্যাপারটাই আশা যোগাচ্ছে কোচ জার্গেন ক্লপকে। তবে তারপরও যদি তাকে ফেরানো না যায় তাহলে বিকল্প রাস্তাও চিন্তা করে রেখেছেন ক্লপ। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অন্য মায়েদের ছেলেরাও ফুটবল খেলতে পারে। যদি চিন্তিত হবার মতো ঘটনা ঘটে তাহলে আমি জানাব। আপাতত নিশ্চিন্ত থাকুন।’