মরিনহোর জন্য প্রস্তুত চেলসি

আগে থেকেই শোনা যাচ্ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিতে আবারও ফিরতে যাচ্ছেন হোসে মরিনহো। আর রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়ার পর এখন সেই গুজবে আরও বাতাস লাগলো। আর চেলসিও প্রস্তুত এই পর্তুগীজকে বরণ করে নিতে। দলের খেলোয়াড়রা মরিনহোকে পেতে মরিয়া হয়ে উঠেছে। আগেও চেলসিতে কোচের দায়িত্ব পালন করেছেন মরিনহো। সেবার ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগ আর এফএ কাপের শিরোপা জয় করেন ৫০ বছর বয়সী এই কোচ। আর এরপর ইন্টার মিলানের হয়ে ট্রেবল জয় করেন, রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার শিরোপারও দেখা পান তিনি। আর সব মিলিয়ে তাই স্পেশাল ওয়ানের জন্য অপেক্ষায় থাকা চেলসির খেলোয়াড়রা একবাক্যে তাকে সেরা বলে মেনে নিচ্ছেন। স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা বলেন, ‘ আমরা জানি না কি ঘটতে যাচ্ছে। তবে, মরিনহো আসলে আমরা অবশ্যই থাকে স্বাগত জানাবো। কারণ তিনি বিশ্বসেরা কোচদের একজন। আর চেলসি সব সময়ই সেরা দলগুলোর কাতারে আসতে চায়। আর সেটা মরিনহো আসলে সম্ভব। তাই তিনি আসলে আমরা অবশ্যই খুশি হব।’ মাতার সাথে সুর মেলালেন ইউরোপা লিগের ফাইনালে শেষ মুহূর্তে গোল করা সার্বিয়ার ডিফেন্ডার ব্রানিস্লেভ ইভানোভিচ। তিনি বলেন, ‘বিশ্বের সেরা কোচদের অধীনে খেলা সব খেলোয়াড়দের জন্যই স্বপ্ন। আর এটা বড় এক চ্যালেঞ্জও বটে। তাই মরিনহো আসলে আমাদের জন্যই ভাল। আর শেষ কথা হল আমরা বিশ্বসেরা দল হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। সেটার জন্য যা করা দরকার আমরা তাই করবো।’