হে ডি ং লি টে স্ট

খেলছেন না ভেট্টোরি

প্রায় এক বছর পর আবারো সাদা পোশাকে ড্যানিয়েল ভেট্টোরির মাঠে নামাটা অনেকটাই নিশ্চিত ছিল। আর হেডিংলি টেস্টে মাঠে নামলে তিনি নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটারে পরিণত হয়ে যেতেন। কিন্তু শেষ পর্যন্ত ইনজুরির সাথে পেরে উঠলেন না। আর সিমিং কন্ডিশনের কথা চিন্তা করে সিরিজ বাঁচানোর ম্যাচে চার পেসার নিয়ে খেলবে নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ২০১২’র জুলাইয়ের পরে আর কোন টেস্ট খেলা হয়নি ভেট্টোরির। ৩৪ বছর বয়সী এই তারকার খেলার কথা ছিল না এই টেস্টেও। তবে স্পিনার ব্রুস মার্টিনের ইনজুরির কারণে জরুরি ভিত্তিতে তাকে ভারত থেকে উড়িয়ে আনে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলের সাথে গতকাল অনুশীলনও করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো না তার। ১১১টি টেস্টে অংশ নেয়া ভেটোরির সঙ্গে বর্তমানে এই রেকর্ডে অংশীদার হিসেবে আছেন সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। যদিও ভেটোরির পরিসংখ্যান বলছে তিনি ১১২টি টেস্ট খেলেছেন। কিন্তু তার মধ্যে একটি টেস্ট তিনি খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব একাদশের হয়ে। অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে ছয় নম্বরে খেলানো হতে পারে মার্টিন গাপটিলকে। কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের হয়ে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগাতেই দ্বিতীয় টেস্টের দলে ডাকা হয়েছে গাপটিলকে। ভেট্টোরির জায়গায় খেলবেন ডগ ব্রেসওয়েল। অন্যদিকে আগের ম্যাচে ১৭০ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়া অ্যালিস্টার কুকের দল প্রত্যাশিতভাবেই কোন পরিবর্তন আনেনি একাদশে। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করা দুই পেসার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের হাতেই থাকবে বোলিং আক্রমণের নেতৃত্ব। অন্যদিকে একমাত্র স্পিনার হিসেবে খেলবেন গ্রায়েম সোয়ান।