রাঙ্গামাটিতে বুদ্ধ পূর্ণিমায় শোভাযাত্রা অনুষ্ঠিত

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাঙ্গামাটিতে শোভাযাত্রা ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘ পৌর কমিটির উদ্যোগে গতকাল সকালে কাঠালতলীস্থ মৈত্রী বিহার এলাকা থেকে তবলছড়ির আনন্দ বিহার পর্যন্ত এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এ সময় পার্বত্য ভিক্ষু সংঘের রাঙ্গামাটি পৌর কমিটির সভাপতি সত্যানন্দ মহাস্থবির, জ্ঞানলোক মহাথেরো, সাবেক উপ-সচিব প্রকৃতি রঞ্জন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে আনন্দ বিহারে এক ধর্মীয় সভার আয়োজন করা হয়। ধর্মীয় সভায় বক্তারা বলেন, মহামতি গৌতম বুদ্ধের সাধনা ছিল এ পৃথিবীকে মানব সমাজের জন্য শান্তির আবাসভূমি হিসেবে গড়ে তোলা। তিনি দুস্থ ও অসহায়দের সেবা এবং পরোপকারের সমুজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চির স্মরণীয় হয়ে আছেন।