সৈয়দপুর রেলওয়ে কারখানা

ঈদে যাত্রীসেবায় প্রস্তুত হচ্ছে ৪০ কোচ

আসন্ন ঈদুল ফিতরে যাত্রীসেবা দিতে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৪০টি কোচের (ভারী রেলযান) মেরামত হচ্ছে। গোটা রমজান মাস জুড়ে ওই মেরামত কাজ চলবে কারখানায়। আগামী ৩ জুনের মধ্যে এসব কোচ রেলওয়ের পরিবহন বিভাগে হস্তান্তর করা হবে। এসব কোচ দিয়ে ঢাকা-পার্বতীপুর, ঢাকা-খুলনা রুটে বিশেষ ট্রেন চালানো হবে। আরো কিছু কোচ যুক্ত হবে অন্যান্য ট্রেনে। সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপের ইনচার্জ ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান জানান, ঈদ এলে আমাদের কাজের গতি বহুগুণ বেড়ে যায়। কেননা এ সময় যাত্রীসেবার বিষয়টি মাথায় রেখে অতিরিক্ত কোচ মেরামতের চাপ থাকে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত কাজ করতে হয় শ্রমিক-কর্মচারীদের।