বান্দরবানে পাহাড় ধসের ঝুঁকিতে লক্ষাধিক মানুষ

পার্বত্য জেলা বান্দরবানের সাত উপজেলায় পাহাড়ের পাদদেশে এখনো জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন প্রায় লক্ষাধিক মানুষ। সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে ছোট আকারের কয়েকটি পাহাড় ধসের ঘটনার প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ ওই বসতিগুলো থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। দুর্গম অঞ্চলগুলোতে মসজিদ, ক্যায়াং এবং মন্দিরের মাইক ব্যবহার করে লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যেতে বলা হচ্ছে। এছাড়া অতি ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী পরিবারগুলোকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে স্থায়ী ভাবে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, চলতি মাসে জেলা সদরের ইসলামপুর, লাঙ্গিপাড়া, লামা উপজেলার আজিজনগরসহ জেলার বিভিন্নস্থানে পাহাড় ধসে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছে বিশজনেরও বেশি। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয় জনপ্রতিনিধি ও এনজিও সংস্থার জরিপে দেখা গেছে, জেলার সদর উপজেলার কাসেমপাড়া, ইসলামপুর, কালাঘাটা, লাঙ্গিপাড়া, বালাঘাটা, বনরূপা পাড়া, হাফেজঘোনা, বাসস্টেশন এলাকা, স্টেডিয়াম এলাকা, নোয়াপাড়া, কসাইপাড়া, লামা উপজেলার হরিণমারা, তেলুমিয়া পাড়া, ইসলামপুুর, গজালিয়া, মুসলিম পাড়া, চেয়ারম্যানপাড়া, হরিণঝিরি, টিএন্ডটি এলাকা, সরই, রুপসীপাড়া, নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তরপাড়া, বাইশফাঁড়ি, আমতলী, রেজু, তুমব্রু, হেডম্যানপাড়া, মনজয় পাড়া, দৌছড়ি, বাইশারী, রুমা উপজেলার হোস্টেলপাড়া, রনিনপাড়াসহ বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে বসতি গড়ে তুলেছে হাজার হাজার পরিবার। বসবাসের প্রয়োজনে অপরিকল্পিত ভাবে পাহাড় কাটা এবং বৃক্ষ নিধনের কারণে ঘটছে একের পর এক পাহাড় ধসের ঘটনা। তাই পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের স্থায়ীভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম জানান, কর্মসংস্থানের জন্য বাইরে থেকে আসা ভাসমান গরীব লোকজনই সাধারণত পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বসবাস করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে এদের তালিকা তৈরি করে স্থায়ীভাবে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হচ্ছে। এ জন্য প্রায় তিন লাখ টাকা ব্যয়ে পাহাড়ের উপযোগী ছোট ছোট ঘর তৈরি করে আশ্রয়ন প্রকল্প করা হবে। তিনি জানান, অতি ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে লোকজনকে প্রাথমিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। তবে পাহাড় ধসের ঝুঁকিতে আসলে কত লোক রয়েছে, তার সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তালিকা তৈরির জন্য ইউএনও এবং ইউপি চেয়ারম্যান-সদস্যদের দায়িত্ব দেয়া হয়েছে বলে তিনি জানান। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২০০৬ সাল থেকে এ পর্যন্ত জেলায় পাহাড় ধসে অর্ধশতাধিক লোক নিহত হয়েছে। সর্বশেষ ২০১২ সালে লামা উপজেলায় ২৮ জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১০ জন মারা যান। কিন্তু এতো হতাহতের পরও বান্দরবানে বন্ধ হচ্ছে না পাহাড় কাটা, নির্বিচারে বৃক্ষ নিধন এবং পাহাড়ের ঢালুতে অপরিকল্পিত বসতি স্থাপন।