শরণখোলায় বগী এলাকায় ঘূর্ণিঝড় ফণীর তোড়ে ভেঙে যাওয়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রিং বাঁধ (অস্থায়ী বেড়িবাঁধ) মেরামত কাজ শুরু হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত বাঁধের অনেকাংশ বন্ধ করা হয়েছে। নতুন করে পাইলিং দিয়ে বালির বস্তা ফেলে বাঁধের ভাঙা জায়গা মেরামত করা হচ্ছে। গত ৩ মে পানির চাপে উপজেলার বগী গ্রামের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রিং বাঁধ ভেঙে বগী ও দক্ষিণ সাউদখালী গ্রাম প্লাবিত হয়ে যায়। বলেশ্বর নদীর জোয়ারের পানিতে প্রতিনিয়ত বগী গ্রামের দুই শতাধিক বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। গত ৬ মে থেকে বগী এলাকায় ক্ষতিগ্রস্ত রিং বাঁধ মেরামত কাজ শুরু করা হয়েছে।