পটুয়াখালীতে ৪৮ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

ঘূর্ণিঝড় মহাসেনের তাণ্ডবে পটুয়াখালী জেলায় ব্যাপক বিপর্যয় ঘটেছে কৃষি ক্ষেত্রে। উল্টে গেছে কৃষি বিভাগের প্রাথমিক প্রত্যাশা আর হিসাব। মাঠ পর্যায় থেকে আসা তাদের চূড়ান্ত প্রতিবেদনে সাড়ে ৪৮ হাজার হেক্টর জমির ফসল দুর্যোগ আক্রান্ত হয়। এতে সম্পূর্ণ ফসলের ক্ষতি দাঁড়ায় ১৬ হাজার ৭১১ হেক্টর জমির। ফসল উত্পাদন ১০৪ টন ক্ষতিতে টাকার অংকে এই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয় ১৮০ কোটি ৭ লাখ টাকার। এই ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পেয়ে ২শ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে কৃষক সমাজের ধারণা। পটুয়াখালী জেলায় গত ১৬ মে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয় হাজার হাজার ঘর-বাড়ি। উপড়ে ও ভেঙ্গে যায় অসংখ্য গাছপালা। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ডুবে যায় বিস্তীর্ণ ফসলের ক্ষেত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় ২ লাখ ১৩ হাজার ৬০০ হেক্টর চাষযোগ্য জমির মধ্যে এবারে রবি ফসলের আবাদ হয়েছে ১ লাখ ৫ হাজার ২১০ হেক্টর জমিতে। মহাসেনের জলোচ্ছ্বাস ও বর্ষণের পানিতে নিমজ্জিত হয়ে দুর্যোগ আক্রান্ত হয় ৪৮ হাজার ৫১৭ হেক্টর জমির ফসল। এরমধ্যে রয়েছে মুগ ডাল ২০ হাজার ২৯০ হেক্টর, তিল ৮ হাজার ৩২৩ হেক্টর, মরিচ ৮ হাজার ৪শ হেক্টর , চিনাবাদাম ৬ হাজার হেক্টর, মিষ্টি আলু ১ হাজার ৭৪৫ হেক্টর, শাকসবজি ২ হাজার হেক্টর, আউশ বীজতলা ১ হাজার ১২০ হেক্টর, পানের বরজ ৩৬৯ হেক্টর, ভুট্টা ১২০ হেক্টর, সূর্যমূখী ৯০ হেক্টরের ক্ষেত। আক্রান্ত ফসলের সম্পূর্ণ ক্ষতি হয়েছে ১৬ হাজার ৭১২ হেক্টরে। ফসল উত্পাদনে ক্ষতি দাঁড়ায় ১৪৪ টন। টাকার অংকে এই ক্ষতি ধরা হয়েছে ১৮০ কোটি ৭ লাখ টাকা। জেলার ৯৮ হাজার ৩৬০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭২ হাজার ৩২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষি। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ হাজার ২১৫ ও ২২ হাজার ৯১৫ জন মধ্যম সারির কৃষক। অনেক এলাকার কৃষক জানিয়েছেন, কৃষি বিভাগে মরিচ, চিনাবাদাম, তিল ও শাকসবজির ক্ষতি ৪০ থেকে ৬২ ভাগ ধরা হলেও অধিকাংশ এলাকায় এই সকল ফসলের ৮০ ভাগ সম্পূর্ণ ক্ষতি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালীর একজন কর্মকর্তা ঘূর্ণিঝড় মহাসেনে কৃষিতে চরম বিপর্যয়ের সত্যতা স্বীকার করে বলেন, তাত্ক্ষণিকভাবে ধারণা করা হয়েছিল জেলায় ফসলের ক্ষতি ১০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। পরে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে ও সরেজমিন তথ্যের ভিত্তিতে নিরূপিত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৮০ কোটি টাকার বেশি যা ছিল আমাদের ধারণার অতীত। কৃষকদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য জরুরিভিত্তিতে কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।