আশুলিয়ায় গার্মেন্টস বন্ধে জামায়াতের নিন্দা
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:৩৬
আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ এবং পাঁচটি গার্মেন্টস শিল্প বন্ধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, সাভারের রানা প্লাজায় দুর্ঘটনার পর থেকেই সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে গার্মেন্টস কারখানাগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।
তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তাদের দিন-রাত পরিশ্রম করতে বাধ্য করা হচ্ছে। কিন্তু সেই অনুপাতে মজুরি দেয়া হচ্ছে না। শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে। বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীরা বাংলাদেশের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ফলে দেশের অর্থনীতি রসাতলে যাচ্ছে। সরকারের সে দিকে কোন ভ্রূক্ষেপ নেই।
বিবৃতিতে তিনি বলেন, দেশের অর্থনীতির স্বার্থেই পোশাক খাতে বিরাজমান সমস্যার সমাধান করতে হবে। শ্রমিকদের বেঁচে থাকার মত মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা এবং কাজের জন্য নিরাপদ পরিবেশ ও জীবনের নিরাপত্তা বিধান করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি জামায়াত নেতা আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি