চট্টগ্রাম পাসপোর্ট অফিসে দালালের উত্পাত বেড়েছে
শামীম হামিদ, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:৩৭
চট্টগ্রামের দু’টি পাসপোর্ট অফিসেই দালালের উত্পাত বেড়েছে। পাসপোর্ট তৈরি, নবায়ন কিংবা সংশোধনসহ যে কোনো সেবা গ্রহণ করতেই দালালের সহায়তা নিতে হয়। কাজটি যথাসময়ে করে দেয়ার নিশ্চয়তা দিয়ে দালালরা হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। দালালের সহায়তা ছাড়া নিজ উদ্যোগে সেবা নিতে গেলেই সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। পাসপোর্ট অফিসে দিনের পর দিন ধর্না দিয়েও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না। ভুক্তভোগীদের অভিযোগ, পাসপোর্ট অফিসের একশ্রেণির অসাধু কর্মকর্তার প্রশ্রয়ে দালাল চক্র অতীতের তুলনায় এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে। দেশে চলমান অস্থিরতার অজুহাতে সাধারণ মানুষকে জিম্মি করে আগের চেয়ে অনেক বেশি টাকা হাতিয়ে নিচ্ছে এ অসাধু চক্রটি। দালালদের সহায়তায় ইতিমধ্যে বেশ কিছু মিয়ানমারের রোহিঙ্গা পাসপোর্ট বানিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঝে মধ্যে দালালদের গ্রেফতার করলেও আইনের ফাঁক গলে বের হয়ে আবার পুরনো পেশায় ফিরে যায় তারা। কর্তব্যরত পুলিশের বিরুদ্ধেও দালালদের সহায়তা করার অভিযোগ রয়েছে।
জানা গেছে, প্রতিটি সাধারণ পাসপোর্টের জন্য সরকারি ফি তিন হাজার টাকা। জরুরি পাসপোর্টের জন্য ছয় হাজার টাকা প্রদানের নিয়ম থাকলেও দালালদের দিতে হয় অতিরিক্ত তিন থেকে পাঁচ হাজার টাকা। এ ব্যাপারে দালালদের বক্তব্য, পরিচালকের স্বাক্ষরের জন্য দিতে হয় এক হাজার একশত টাকা, পুলিশ প্রতিবেদনের জন্য দিতে হয় এক হাজার টাকা, আবেদন ফরম সত্যায়িত করতে দিতে হয় পাঁচশত টাকা। এ টাকা না দিলে গ্রাহকদের নানাভাবে হয়রানি করা হয়।
এক হিসাবে দেখা যায়, চট্টগ্রামে প্রতিদিন গড়ে ৪০০টি পাসপোর্টের জন্য আবেদন জমা হয়। দালালরা প্রতিটি পাসপোর্টের জন্য অতিরিক্ত তিন হাজার টাকা নেয়ার ফলে গ্রাহকদের দৈনিক গচ্চা দিতে হয় ১ লাখ ২০ হাজার টাকা। এ হিসাবে প্রতি মাসে কমপক্ষে ৩০ লাখ টাকা ঘুষের পেছনে চলে যায় গ্রাহকদের। নাম প্রকাশ না করার শর্তে এক দালাল জানান, সবই অফিসের কর্মকতাদের নির্দেশে চলে।
এদিকে দালালদের অতিরিক্ত টাকা দিয়েও যথাসময়ে পাসপোর্ট পাননি বলে জানিয়েছেন কয়েকজন। আবেদনকারীর আবেদন করার সাত দিনের মধ্যে জরুরি পাসপোর্ট এবং ২১ দিনের মধ্যে সাধারণ পাসপোর্ট সরবরাহের বিধান থাকলেও দালাল না ধরলে মাসের পর মাস পড়ে থাকার অভিযোগ রয়েছে। গত বছর একটি গোয়েন্দা সংস্থা চট্টগ্রামের দুটি পাসপোর্ট অফিস ঘিরে ৬৫ জন দালালের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করলেও এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হয়নি।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক কফিল উদ্দিন ভুঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান। সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. তারেক আহম্মেদ জানান, পাসপোর্ট অফিসের দালালের উত্পাত সম্পর্কে তাদের কাছেও অভিযোগ এসেছে। দালালদের ধরতে যে কোনো মুহূর্তে সেখানে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।