রাজশাহীতে পুকুর থেকে ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:৩৭
গতকাল বৃহস্পতিবার সকালে রাজপাড়া থানার পার্শ্ববর্তী মহিষবাথান উত্তরপাড়ার একটি পুকুর থেকে জেরি গোমেজ (৩০) নামে ছাত্রলীগের এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নগরীর পূর্বটালিপাড়ার ইয়াদ গোমেজের ছেলে। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রেজাউল ইসলাম জানান, জেরি গোমেজ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন। সম্প্রতি তিনি পলিটেকনিকের লেখাপড়া শেষ করেছেন। গত ১৯ মে রাতে কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়িতে ফিরেননি। গতকাল সকালে মহিষবাথান উত্তরপাড়ার পুকুরে একটি ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন রাজপাড়া থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পরে পরিবারের সদস্যরা মর্গে গিয়ে জেরি গোমেজের লাশ সনাক্ত করেন।
লাশের মাথায় ও শরীরের অংশে আঘাতের আলামত রয়েছে। পুলিশের ধারণা তাকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেয়া হতে পারে।