তারা নিউজ ও তারা মিউজিক অধিগ্রহণ করলো মমতা সরকার
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:৩৮
তারা নিউজ এবং তারা মিউজিক চ্যানেল সাময়িক অধিগ্রহণ করছে পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার কলকাতার মহাকরণে এই ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়নেরও ইঙ্গিত দিয়েছেন তিনি।
আর্থিক প্রতারণা গোষ্ঠী সারদার মালিকানায় থাকা তারা নিউজ এবং তারা মিউজিক চ্যানেল আর্থিক সংকটে পড়েছিল। প্রাথমিকভাবে মমতা ১০ লক্ষ রূপি দিয়েছিলেন চ্যানেল দুটি চালাতে। এবার সরকারিভাবে অধিগ্রহণের ঘোষণা দিলেন।
চ্যানেল অধিগ্রহণের ক্ষেত্রে আইন তৈরি করা প্রয়োজন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিধানসভায় তা পাস করে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। কিন্তু তাতে দীর্ঘ সময় লাগবে। সে কারণে দুটি চ্যানেলের কর্মীদের বেতন হিসাবে এককালীন অনুদান দেয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
মহাকরণ সূত্রে খবর, কলকাতা হাই কোর্টের নির্দেশমত একটি কমিটিও গড়ে দেয়া হয়েছে। তবে যতদিন না নতুন কোনও সংস্থা এই চ্যানেল দুটির দায়িত্ব নিচে ততদিন এই ব্যবস্থা বজায় থাকবে।