৩৪তম বিসিএস পরীক্ষা আজ

সর্বোচ্চ পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবার

আজ শুক্রবার অনুষ্ঠিত হবে ৩৪তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা এক ঘণ্টা চলবে। অতীতের সব বিসিএস’র চেয়ে এবারের পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ইতিমধ্যে পিএসসি থেকে দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী অনলাইনে আবেদনপত্র জমা দিয়ে প্রবেশপত্র পেয়েছেন। বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে গত ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করে পিএসসি। ১৮ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত সরকারি চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করেন। এবার সাতটি বিভাগীয় শহরে ৩৪তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসি জানায়, প্রাপ্ত আবেদনপত্রের মধ্যে ঢাকায় এক লাখ ৩৭ হাজার ১৯৮, রাজশাহীতে ২২ হাজার ১৪৬, চট্টগ্রামে ১৭ হাজার ৪৪৮, রংপুরে ১৬ হাজার ৬৪৩, খুলনায় ১৩ হাজার ৯৮৪, সিলেটে ৮ হাজার ৭৩৯ এবং বরিশালে ৫ হাজার ৪১৭ জন পরীক্ষার্থী রয়েছে। পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতটি বিভাগীয় শহরের ১৭৪টি পরীক্ষা কেন্দ্রে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় ১০২টি, রাজশাহীতে ২৩টি, চট্টগ্রামে ১২টি, খুলনায় ১১টি, বরিশালের ৫টি, সিলেটে ৭টি এবং রংপুরে ১৪টি কেন্দ্রে পরীক্ষা হবে।