খুলনায় রেলের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নেই

খুলনা রেল স্টেশনের উন্নয়ন, খুলনা-ঢাকা ডবল রেললাইন নির্মাণ ও রাজধানীর সঙ্গে খুলনাকে কমিউটার ট্রেন সার্ভিস দ্বারা সংযুক্ত করার একটি প্রকল্প দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। ইতিপূর্বে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক সরেজমিন খুলনা রেল স্টেশন এলাকা পরিদর্শন করে প্রকল্পের কাজ শুরুর ব্যাপারে প্রতিশ্রুতি দেন। কিন্তু বাস্তবে এখন পর্যন্ত প্রকল্পের বিষয়ে কোন অগ্রগতি নেই। খুলনাবাসীর ধারণা, বর্তমান সরকারের অবশিষ্ট ৬ মাসের মধ্যে আধুনিক রেল স্টেশন নির্মাণ কাজ শুরু হচ্ছে না। বিভাগীয় শহর খুলনায় আধুনিক রেল স্টেশন নির্মাণ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের পাঁচ মার্চ নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের জনসভায় অন্যান্য উন্নয়ন প্রতিশ্রুতির সঙ্গে খুলনা রেল স্টেশন আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপর দীর্ঘ দুই বছর কেটে গেছে। কিন্তু এ বিষয়ে কোন অগ্রগতি নেই। প্রধানমন্ত্রীর আন্তরিকতা থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতাই এক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।