মেয়র থাকাকালে হিরনের উন্নয়ন সারাদেশে মডেল
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:৪০
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন মেয়রের দায়িত্ব পালনকালে যে উন্নয়ন হয়েছে তা সারাদেশে উন্নয়নের মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বরিশালের উন্নয়নের স্বার্থে এবারও জনগণ হিরনকে ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করবে বলে হানিফ আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি আমলে বরিশালে শুধু লুটপাট হয়েছে। এ কারণে এবারের সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে বিএনপি ভোটারদের কাছে ভোট চাইতে পারছে না।
বুধবার রাতে জেলা ও মহানগর আওয়ামী লীগের এক কর্মিসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনের সভাপতিত্বে কর্মিসভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলি এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, সম্মিলিত নাগরিক কমিটির আহ্বায়ক শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ, সদস্য সচিব মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম প্রমুখ।