মোস্তফা জামান আব্বাসী পাচ্ছেন চ্যানেল আই আজীবন সম্মাননা
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:৪০
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আজীবন সম্মাননা পাচ্ছেন সঙ্গীতজ্ঞ মোস্তফা জামান আব্বাসী। এই সম্মাননা প্রদান করছে ‘চ্যানেল আই’। ৮মবারের মতো আয়োজিত ‘নজরুলমেলা’র এবারের পৃষ্ঠপোষক ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’। অতীতে এ সম্মাননা পেয়েছেন সঙ্গীতজ্ঞ সোহরাব হোসেন, সুধীন দাশ, ফিরোজা বেগম ও নজরুল গবেষক প্রফেসর ড. রফিকুল ইসলাম ও ফেরদৌস আরা।
নজরুলমেলা উপলক্ষে গতকাল ২৩ মে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনে তথ্য জানান চ্যানেল আই ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোস্তফা জামান আব্বাসী, আসমা আব্বাসী ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দীলিপ কুমার আগরওয়াল। এ সময় বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী অসুস্থ ফিরোজা বেগমের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়। এবছর নজরুল মেলা উত্সর্গ করা হয়েছে ফিরোজা বেগমকে।
চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়ে মোস্তফা জামান আব্বাসী বলেন, নজরুলকে নিয়ে আমি কিছু গ্রন্থ লিখেছি চারশ’ পৃষ্ঠার উপন্যাস ‘পড়িবো একাকী’, ইংরেজি উপন্যাস ‘ম্যান এন্ড পোয়েট’, বাংলা ও ইংরেজিতে নজরুল এবং আব্বাসউদ্দিন স্মৃতিময় অ্যালবাম ‘সাগা অব টাইম’।
২৫ মে নজরুল জয়ন্তীতে তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে পায়রা উঁড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সংবাদ সম্মেলনে মেলার প্রযোজক আমীরুল ইসলাম জানান এবারের মেলায় নজরুলকে নিয়ে স্মৃতিগ্রন্থ, নজরুলের হারিয়ে যাওয়া গানের স্টল, ক্ষুদ্র ও কুঠিরশিল্পের স্টল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টলে দিনব্যাপী প্রদর্শিত হবে নজরুল-চিত্রকলা, নজরুল সঙ্গীতের রেকর্ড কাভারের প্রদর্শনী, নজরুল সংক্রান্ত ভিডিও সিডি, নজরুল সঙ্গীতের গানের স্টল, নজরুলের চলচ্চিত্র প্রদর্শনী ইত্যাদি।
মেলার খোলা মঞ্চ থেকে দিনব্যাপী পরিবেশিত হবে প্রবীণ-নবীন শিল্পীদের পরিবেশনায় নজরুল সঙ্গীত, নৃত্যনাট্য, শিশুনৃত্য ইত্যাদি। সঙ্গীত পরিবেশন করবেন দেশের বিশিষ্ট শিল্পীরা। নজরুলের ভাবসম্পদ থেকে ছবি আঁকবেন বরেণ্য চিত্রশিল্পী ও শিশুশিল্পীরা। মেলা চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। চ্যানেল আই সরাসরি সমপ্রচার করবে পুরো মেলার কার্যক্রম। মেলা পরিচালনা করবেন শহিদুল আলম সাচ্চু ও আমীরুল ইসলাম।