মওদুদ আহমেদ ধরা খেয়েছেন :সুরঞ্জিত
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:৪০
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, উকিল, ব্যারিস্টাররা সাধারণত ধরা খান না। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ধরা খেয়েছেন। সেই সঙ্গে দলের প্রতিষ্ঠাতাকেও তিনি ধরা খাইয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি ঢাকা জেলা শাখা আয়োজিত ‘বিরোধী দলের সংসদে যোগদান ও সদস্যপদ রক্ষা এবং হিংসাত্মক রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত কর্নেল তাহেরের বিচার সংক্রান্ত মওদুদ আহমেদের বইয়ের বক্তব্য প্রসঙ্গে আরো বলেন, মওদুদ আহমেদ তার বইয়ে লিখেছেন জিয়াউর রহমান কোনো বিশেষ ট্রাইব্যুনাল না করেই যেনতেনভাবে কর্নেল তাহেরকে দণ্ড দেয়ার চিন্তা করেছেন। বইয়ে লেখা তার এ বক্তব্য সত্য কী-না? আদালত তার কাছে একাধিকবার এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রতিবারই হ্যাঁ বলেছেন। সুরঞ্জিত বলেন, খালেদা জিয়াকে এখনই সিদ্ধান্ত নিতে হবে তিনি মওদুদ আহমেদকে দলে রাখবেন নাকি জিয়াউর রহমানের আদর্শ ধরে রাখবেন। মওদুদ আর জিয়ার আদর্শ এক সঙ্গে চলতে পারে না।
বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, জাসদ ঢাকা মহানগর সভাপতি মীর হোসাইন আক্তার, সাম্যবাদী দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।