নোয়াখালীতে ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:৪০
সুবর্ণচর উপজেলার আটকোপালিয়া বাজারের সামনের সড়কে গতকাল বৃহস্পতিবার স্কুল ছাত্র হূদয় (১৩) ইটবাহী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে বিকালে কুমিল্লায় সে মারা যায়। নিহত স্কুলছাত্র পশ্চিম চরজুবলি গ্রামের মৃত আজু বেপারীর ছেলে।
চরজব্বর থানার ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাক ড্রাইভার পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে।
ঝিনাইদহে নিহত ২
কালীগঞ্জ সংবাদদাতা জানান, ঝিনাইদহের কালীগঞ্জ এবং কোটচাঁদপুর উপজেলায় মহিলাসহ দুই জন নিহত হয়েছে। নিহতরা হলেন মোবারকগঞ্জ চিনিকলের (মোচিক) ইক্ষু উন্নয়ন সহকারী (সিডিএ) শওকত আলী খান (৫৫) ও অজ্ঞাত পরিচয় এক মহিলা।
জিআরপি পুলিশ গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল ট্রাকের চাপায় শওকত আলী খান এবং কোটচাঁদপুর রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক মহিলা নিহত হন। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে স্টেশন মাস্টার জানান। এ ব্যাপারে খুলনা জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।