প্রকাশিত খবর প্রসঙ্গে

ভেঙ্গে ফেলা হবে আকাশচুম্বী জব্বার টাওয়ার শিরোনামে গতকাল বৃহস্পতিবার ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জব্বার টাওয়ার প্রাইভেট লিমিটেড-এর মালিক মো. আব্দুল জব্বার। তিনি প্রতিবাদ লিপিতে বলেন, প্রকাশিত সংবাদটি সঠিক নয়। ২০০৪ সালে রাজউক থেকে জব্বার টাওয়ারের ৯ তলার অনুমোদন নেয়া হয়। পরবর্তীতে ২০০৫ সালে ২২ তলার জন্য রাজউকে ৬৪ হাজার টাকার পে-অর্ডারসহ আবেদন করা হয়। এতে সংশোধিত নকশাও জমা দেয়া হয়। রাজউক ২০১২ সালের ২২ মার্চ ভবনটির ১৮০ ফুট উচ্চতা অনুমোদন করে এবং উপরের ৪০ ফুট ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দুই কিলোমিটারের অধিক দূরত্বে থাকায় জব্বার টাওয়ার এই নিষেধাজ্ঞার আতামুক্ত। এছাড়াও পুরো বিষয়টি সদয় সুবিবেচনার জন্য চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাজউকে পুনরায় একটি আবেদন করা হয়েছে।