মহামতি বুদ্ধের শিক্ষা সামাজিক অস্থিরতা দূর করতে পারে

সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, মহামতি বুদ্ধ এখন থেকে আড়াই হাজার বছর পূর্বে মানবজাতির মুক্তির জন্য যে শিক্ষা রেখে গেছেন তা গ্রহণ করে বিদ্যমান সামাজিক অস্থিরতা দূরে ঠেলে আমরা একটি মহান সমাজব্যবস্থা নির্মাণ করতে পারি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধ পূর্ণিমা উত্সব-২০১৩ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন বুড্ডিস্ট এসোসিয়েশন অব্ চায়নার সহসভাপতি চুন-ই, মহাসচিব ওয়াং জিয়ান ও ভারতের থুকটেন কুনসান লামা। মন্ত্রী বলেন, বুদ্ধ পূর্ণিমাকে শুধু একটি উত্সবের মাঝে সীমাবদ্ধ না রেখে অন্তরলোকের আঁধার দূর করে আলো প্রক্ষেপণের অধ্যায়ে পরিণত করতে হবে। তিনি বলেন, ত্যাগের মহিমায় নিজেকে বিলিয়ে দেবার এক প্রকৃষ্ট উদাহরণ মহামতি গৌতম বুদ্ধ। পরে সমাজকল্যাণ মন্ত্রী বুড্ডিস্ট এসোসিয়েশন অব্ চায়নার সহসভাপতি চুন-ই এবং মহাসচিব ওয়াং জিয়ানকে সমাজকল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য অতীশ দীপঙ্কর শান্তি স্বর্ণপদক প্রদান করেন।