রাজনীতিকরা দেশ চালাতে না পারলে পারবে কারা?

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের উপদেশ শুনলে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হবে এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে না। দেশ পরিচালনায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করে তিনি আরো বলেন, দেশে এক-এগারোর পর যারা সাধারণ নির্বাচনই দিতে পারেননি আমরা তাদের ছবক শুনবো কেন? গতকাল বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পুরস্কার প্রাপ্তির ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ শান্তি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র জনগণের অধিকার ও সুযোগ। কিন্তু ১৯৭৫ সালের পর থেকে জনগণের এ অধিকার ও সুযোগ বার বার ছিনিয়ে নেয়া হয়েছে। কিছু শিক্ষিত ও সুশীল সমাজের সদস্য একে সমর্থন যুগিয়েছিলেন। ৭৫’র পর সুশীলদের সমর্থনে যেভাবে বার বার সামরিক স্বৈরশাসকরা গণতন্ত্র ছিনিয়ে নিয়েছে এখনো সেই ধরনের আভাস দেখা যাচ্ছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, রাজনীতিবিদরা দেশ চালাতে না পারলে, কারা চালাতে পারবে? ২০০৭ সাল থেকে দুই বছর দেশ চালিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। তবে তারা দেশ ও জনগণের জন্য কি করেছে? তিন মাসের মেয়াদে এসে দুই বছর থাকা সেই তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বর্তমান সরকারের প্রথম দুই বছরের তুলনা করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। সরকার পরিচালনায় রাজনীতিবিদদের থাকার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকে কীভাবে অব্যাহত রাখতে হয় তা আমরা জানি। আমরা দেশে শান্তি চাই। সংঘাত চাই না। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় ১৯৯৭ সালের পার্বত্য শান্তিচুক্তি এবং ১৯৯৬ সালে ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী গঙ্গার পানিচুক্তি স্বাক্ষরের কথা তুলে ধরেন এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধের মীমাংসার কথা স্মরণ করিয়ে দেন। ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়’ এবং ‘সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধান’ বঙ্গবন্ধুর এই দুই নীতিকে পররাষ্ট্রনীতির মূলমন্ত্র হিসাবে গ্রহণ করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার কর্মজীবনের প্রতিটি পদক্ষেপে এ নীতির প্রতিফলন আমরা দেখতে পাই। চার দশক আগে শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক পাওয়া প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, এটি হচ্ছে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি। একইসঙ্গে এটি বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোয় বিশ্বশান্তি পরিষদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার নির্মম হত্যাকাণ্ডের পরও বিশ্বশান্তি পরিষদ এর প্রতিবাদ করেছিল। বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্বশান্তি পরিষদের নির্বাহী সম্পাদক ইরাক্লিস সাবদারিদিস, সাবেক মন্ত্রী ও নিখিল ভারত শান্তি ও সংহতি সংস্থার সহ-সভাপতি প্রমোদ চন্দ্র সিনহা, নেপাল শান্তি ও সংহতি পরিষদের সদস্য জ্ঞানেন্দ্র বাহাদুর শ্রেষ্ঠ, বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী এম এ কাশেম প্রমুখ।