রিপোর্টে আলোচিত সেই ১০ গুম

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে বার্ষিক প্রতিবেদনে ১০ জন গুমের তথ্য উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে সবচে আলোচিত ছিল বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী গুম হওয়ার ঘটনাটি। তার সঙ্গে তার গাড়ি চালক আনসার আলীও গুম হয়। ইলিয়াস আলী গুমের ঘটনাটি গত বছর ছিল দেশের সবচে আলোচিত ঘটনার একটি। গত বছরের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলী ‘নিখোঁজ’ হন। এর আগে ৪ এপ্রিল উত্তরা থেকে সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক দিনার ও ছাত্রদল কর্মী জুনেদ হারিয়ে যান। তাদের পরিবারের অভিযোগ, র্যাব দিনার ও জুনেদকে ধরে নিয়ে গেছে। তাদের ছেড়ে দিতে র্যাবের শীর্ষ কর্মকর্তাদের কাছে অনুরোধও জানান তারা। নিজে হারিয়ে যাওয়ার আগে ইলিয়াস আলী তাদের উদ্ধার করতে বিবৃতিও দিয়েছিলেন। ইলিয়াস আলী নিখোঁজের ঘটনা নিয়ে বিএনপি’র পক্ষ থেকে সারাদেশে হরতাল পালন করা হয়। সিলেটের বিশ্বনাথে ইলিয়াস আলীর নির্বাচনী এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষে চারজন নিহত হয়। ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার হস্তক্ষেপ কামনা করেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। নিখোঁজের ১৩ মাস পরও ইলিয়াস আলীর কোন সন্ধান মেলেনি। মানবাধিকার সংগঠনগুলো ধারণা করছে, তিনি ও তার গাড়ি চালক গুম হয়েছেন। গত বছরের ৪ ফেব্রুয়ারি রাতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র মোকাদ্দেস ও ওয়ালিউল্লাহকে সাভারের নবীনগর বাসস্ট্যান্ডে কুষ্টিয়া অভিমুখী একটি বাস থেকে র্যাব পরিচয়ে একদল ব্যক্তি ধরে নিয়ে যায়। নিখোঁজ দুই ছাত্রের পরিবার অভিযোগ করে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র মোকাদ্দেস ও ওয়ালিউল্লাহ ঢাকার কল্যাণপুর থেকে একটি বাসে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। নবীনগর বাসস্ট্যান্ডে র্যাব সদস্য পরিচয়ে একদল যুবক বাসে ওঠেন। তারা বাস থেকে ঐ দুই ছাত্রকে টেনে-হিঁচড়ে নামিয়ে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে ওঠায়। এরপর থেকে ঐ দুই ছাত্রের আর কোন খোঁজ মেলেনি। গত বছরের ১০ অক্টোবর সকালে মিরপুর বাগবাড়ির একটি স্কুলে ছেলেকে নিয়ে যাওয়ার পথে নিখোঁজ হন বড়দেশী গ্রামের আবদুস সাত্তার (২৮) ও বেগুনবাড়ি গ্রামের সাইফুল ইসলাম (৩০)। ২৩ অক্টোবর বিকালে ঈদের কেনাকাটার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হন বড়দেশী গ্রামের তিন বন্ধু নূরুল ইসলাম সেলিম ও মনির হোসেন। একই এলাকার ৪ জনের ‘নিখোঁজ’ হওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়। ২০১১ সালের ১৭ জুলাই শবে- বরাতের রাতে বড়দেশী গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনার সঙ্গে এদের গুম হওয়ার একটা সম্পর্ক আছে বলে ধারণা করা হয়।