হিসেব নিয়ে বিভ্রান্তি আছে, তবে রিপোর্ট ইতিবাচক :স্বরাষ্ট্রমন্ত্রী

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, তাদের সংখ্যাগত হিসেব নিয়ে বিভ্রান্তি আছে। তবে প্রতিবেদন ইতিবাচক। তিনি বলেন, অ্যামনেস্টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুনের যে তথ্য দিয়েছে তাতে হিসাবের বিভ্রান্তি আছে। তবে এই সংখ্যা আগের বছরগুলোর তুলনায় কম। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলার ঘটনায় গ্রেফতার অভিযানে একজনকে সে দেশের তদন্ত সংস্থার লোকজন গুলি করে মেরেছে। এটাকে কী বলা হবে? সবদিক বিবেচনা করে খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে, কোনটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, কোনটি নয়। একটি গণতান্ত্রিক দেশে জনগণের স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে।