তারেক রহমানকে দেশে এনে আইনের আওতায় নিতে হবে
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:৪৪
দুর্নীতিসহ বিভিন্ন মামলার আসামি বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আইনের হাতে সোপর্দ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। গতকাল বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বৈঠকে ক্ষমতাসীন জোটের নেতৃবৃন্দ এ আহ্বান জানিয়ে বলেন, তারেক রহমান তার দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ এখন বিদেশে বসে ব্যয় করে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক সরকার উত্খাতের ষড়যন্ত্র করছে। মুচলেকা দিয়ে চিকিত্সার নামে বিদেশে গিয়ে তিনি সরকারের বিরুদ্ধে লাগামহীন মিথ্যাচার করে চলেছেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। আইনের চোখে সংবিধান অনুযায়ী সবাই সমান। তাই তাকে আইনের আওতায় আনতে হবে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এসব তথ্য জানান।
বিরোধী দলকে ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের পথ পরিহার করে সংসদে সংলাপে আসার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো নিয়ে বিরোধী দলের যদি কোন প্রস্তাব থাকে, তাহলে তা সংসদে এসে দিতে পারে। যৌক্তিক প্রস্তাব বিবেচনা করা হবে।
মোহাম্মদ নাসিম বলেন, আমরা এখনো সংলাপের পক্ষে। আমরা বিশ্বাস করি সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। তবে সংলাপ হতে হবে সংসদে। আগামী ৩ তারিখে জাতীয় সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিবেশন বসছে। আমরা আশা করি বিরোধী দল কেবলমাত্র সদস্য পদ রক্ষার জন্যে নয়, আলোচনার জন্যেও সংসদে আসবে। তিনি বলেন, সভা-সমাবেশে কোন নিষেধাজ্ঞা নেই। তবে হেফাজতের ঘটনার প্রেক্ষিতে প্রশাসন সতর্কাবস্থায় আছে। কর্নেল তাহের হত্যা ও মামলার রায় প্রসঙ্গে সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্নেল তাহেরকে সম্পূর্ণ বে-আইনীভাবে জিয়াউর রহমানের নির্দেশে ও জ্ঞাতার্থে হত্যা করা হয়েছিলো। যে ব্যক্তি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেছিলো সেই ব্যক্তিকেই জিয়াউর রহমান বিচারের নামে প্রহসনের মাধ্যমে হত্যা করেছিলেন।
মোহাম্মদ নাসিম বলেন, বিরোধী দলের আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্যকর কর্মকাণ্ড এবং সরকারবিরোধী প্রপাগান্ডার বিরুদ্ধে আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকে সারা দেশে ধারাবাহিকভাবে গণসংযোগ কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল। এছাড়া নড়াইল, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও চট্টগ্রামে ১৪ দলের পক্ষ থেকে পর্যায়ক্রমে জনসভা করা হবে। একই সঙ্গে ১৪ দলের নেতৃত্বে সারা দেশে গণপ্রতিরোধ কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হবে।
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুহ-উল আলম লেলিন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, মাইনুদ্দিন খান বাদল এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, গণআজাদী লীগের হাজী আব্দুস সামাদ, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, সাম্যবাদী দলের আবু হামেদ শাহাবুদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি প্রমুখ।