হেফাজতের ১৩ দফার বিরোধিতা মানেই নাস্তিকতার পক্ষ নেয়া

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, দেশে আস্তিক-নাস্তিকের সংঘাত শুরু হয়েছে। যারা হেফাজতের ১৩ দফা দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা মূলত নাস্তিকতার পক্ষ নিয়েই এই বিরোধিতা করছেন। তিনি বলেন, দেশের তৌহিদী জনতা ইসলাম ও নবীর দুশমনদের কখনো ছাড় দিবে না। যারা মনে করেন, হেফাজত শেষ হয়ে গেছে, তারা চরম ভুলের মধ্যে আছেন। চাইলেই কোন অপশক্তি আমাদের আন্দোলন রুখে দিতে পারবে না। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে সুনামগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছির এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠককালে আল্লামা শফী এসব কথা বলেন। প্রতিনিধি দলে ছিলেন সুনামগঞ্জ ৩ আসনের সাবেক এমপি জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা আলী নূর প্রমুখ। এসময় শাহীনূর পাশা চৌধুরী বলেন, বৃহত্তর সিলেটের মানুষ আল্লামা শফীর আহ্বানে রাজপথে জীবন দিতে প্রস্তুত। তিনি আমিরের কাছে দেশব্যাপী কর্মসূিচ ঘোষণার দাবি জানান। অন্যদিকে একই দিন হেফাজতে ইসলাম আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট আহমদ ছগীর এর নেতৃত্বে একটি আইনজীবী প্রতিনিধি দল আল্লামা শফীর সাথে সাক্ষাত্ করেন। আইনজীবীরা তার যে কোনো আহ্বানে দ্রুত সাড়া দেয়ার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন।