রংপুরে হেফাজতে ইসলামের কার্যক্রম স্থগিত
ওয়াদুদ আলী, রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:৪৬
ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে প্রশাসনের অভিযানে কয়েকজনের মৃত্যুর ঘটনাকে গণহত্যা হিসেবে অতিরঞ্জিত রূপ দিয়ে উস্কানিমূলক পোস্টার বের করে সাঁটানোর পর রংপুরে জেলা হেফাজতে ইসলামের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রংপুরে হেফাজতে ইসলামের নামে সাঁটানো উস্কানিমূলক পোস্টার নিয়ে প্রশাসন ও হেফাজতে ইসলামের মধ্যে তোলপাড় শুরু হলে জরুরি সভা করে হেফাজতে ইসলাম এর দায় নিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিত- ভাবে জামায়াত-শিবির চক্র এই অপকর্ম করেছে। এ কারণে নিজেদের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয় হেফাজতে ইসলাম।
হেফাজতে ইসলামের রংপুর জেলা আহ্বায়ক ও জুম্মাপাড়া করীমিয়া নূরুল উলুম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইউনুছের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মঙ্গলবার ভোর বেলা জিন্সের প্যান্ট-শার্ট পরিহিত কয়েকজন যুবক ওই এলাকায় পোস্টার সাঁটাতে থাকলে তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কারা, পোস্টার লাগাচ্ছো কেন। একথা বলা মাত্র যুবকরা দ্রুত পালিয়ে যায়। তিনি বলেন, এই পোস্টার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কিংবা স্থানীয় ভাবে প্রকাশ করা হয়নি। অতএব এর দায়-দায়িত্ব আমরা বহন করবো না। পোস্টার সাঁটানোর ব্যাপারে সকল মাদ্রাসাকে সতর্ক করে দেয়া হয়েছে। পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম জানান, পোস্টার সাঁটানোর সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে রংপুরে যে সকল কওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অরাজনৈতিক সংগঠন হিসেবে হেফাজতে ইসলামের জড়িত ছিলেন তারা এখন স্বেচ্ছায় এই সংগঠন থেকে পদত্যাগ করছেন। জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ মাদ্রাসার প্রধানদের সঙ্গে বৈঠক করে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকে মাদ্রাসার প্রধানরা জানিয়েছেন, তাদেরকে ভুল বুঝিয়ে হেফাজতের কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়েছিল। প্রকৃতপক্ষে এই সংগঠন জামায়াত-শিবির ও ১৮ দলীয় জোটের রাজনৈতিক স্বার্থে ব্যবহূত হচ্ছে। ৫ মে ঢাকায় হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচির দিনে রংপুরের প্রায় ৪০ জন কওমী মাদ্রাসার শিক্ষক ওইদিন প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিলেন। তাদেরকে শোকজ করা হয়েছে। কড়া নজরদারিতে রয়েছে এ সকল মাদ্রাসা। সংগঠনের সদস্য সচিব ও কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ বায়েজিদ হোসাইন পত্রিকায় বিবৃতি প্রকাশের মাধ্যমে পদত্যাগ করে বলেছেন, হেফাজতে ইসলামের কর্মকাণ্ড তার ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন।